২০ লাখ মুসলিমের হজ্জ্বব্রত পালন শুরু
হযরত মুহাম্মদ (সা:) এর জন্মভূমি মক্কায় পবিত্র হজ্জ্বব্রত পালনের উদ্দেশ্যে রবিবার সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ সমবেত হয়েছেন।
শ্বেতশুভ্র বসন পরিহিত পূণ্যার্থীরা কেউ গাড়ীতে, কেউ ভ্যানে আবার কেউ বা পায়ে হেঁটে পাঁচদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে মিনার দিকে পাড়ি জমিয়েছেন।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হজ্জ্ব। মুসলমানদের জন্য সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফে মসজিদুল হারাম বা মহত্ত্বম মসজিদকে কেন্দ্র করে প্রতিবছর হজ্জ্ব উদযাপিত হয়।সামর্থবান সকল মুসলিম নারী ও পুরুষের জন্য জীবনে একবার হজ্জ্ব পালন বাধ্যতামূলক।উল্লেখ্য, মোট ছ’দিনের পবিত্র এ ধর্মীয় উৎসব শেষ হবে চারদিনব্যাপী উদযাপিত ঈদুল আযহার মাধ্যমে।
কাবা ঘর নির্মিত হয়েছিল নবী ইব্রাহীম (আ:) এর সময়। এ সময় থেকে কাবা প্রদক্ষিণ এবং শয়তানের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার রীতিটিও চালু হয়। একেশ্বরবাদেরও আনুষ্ঠানিক প্রচলন হয়েছিল কাবা নির্মাণের পর থেকে। সমগ্র বিশ্বের মুসলিমরা তাই কাবার দিকে মুখ করে প্রার্থনা করেন।
প্রতি বছর কাবায় রক্তপাতের ঘটনা ঘটে। গত সপ্তায় মক্কায় কাছে মসজিদুল হারামের নিকটবর্তী একটি হোটেলে ধ্বসে পড়লে ৭৬ জন হাজীর প্রাণহানি ঘটে। এঁদের মধ্যে ১২ জন বাংলাদেশী।
তবে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে পায়ের চাপায় পিষ্ট হয়ে। ইদানিং আবার সন্ত্রাসী তৎপরতা এবং নানা রোগের প্রাদুর্ভাবে হজ্জ্ব পালন কষ্টকর হয়ে উঠেছে।
১৯৯০ সালে ঘটেছিল সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনাটি। ঐ বছর পায়ের নিচে চাপা পড়ে প্রায় ১৪২৬ জনের নির্মম মৃত্যু ঘটে।এরপর, দু’বছর মক্কার অদূরে শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়ে ২৫১ জন পদপিষ্ট হয়ে মারা যান। আর, একই স্থানে ২০০১ ও ২০০৩ সালে নিহত হয়েছিলেন যথাক্রমে ৩৫ ও ৩৬ জন হাজী।
