মেহেরপুর, রংপুর ও হবিগঞ্জে তীব্র শীতে ১১ জনের মৃত্যু
দেশের বিভিন্ন অঞ্চলে শীতের কারণে মৃত্যূ এখনো অব্যাহত রয়েছে। বিডিনিউজের প্রতিনিধিরা জানান, মেহেরপুর, রংপুর ও হবিগঞ্জে প্রচণ্ড শীতে শিশুসহ কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েকদিন ধরে এ সব জেলায় শীত জেঁকে বসায় জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। শিশুরা শীতজনিত নানা রোগে ভুগছে। শীত বস্রের অভাবে গরীব মানুষেরা কষ্ট পাচ্ছে সবচেয়ে বেশী।
এদিকে আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশার কারণে সারাদেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। অবশ্য এখনো কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি।
রোববার যশোরে রেকর্ড করা হয় সর্বনিু তাপমাত্রা (১০ দশমিক শূন্য তিন ডিগ্রি সেলসিয়াস)। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে। সেখানে তাপমাত্রা ছিলো ২৭ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিু তাপমাত্রা ১২ দশমিক ছয় এবং সর্বোচ্চ ২০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে আকাশ মেঘলা ও শুস্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। দেশে মধ্য ও উত্তর - পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, শনিবার রাতে মেহেরপুর সদর হাসপাতালে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টে তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হচ্ছে - রানা (পাঁচ দিন), লালবানু (পাঁচ দিন), এরিনা (একুশ দিন), বিলকিস (২১), মো:মনিরুজ্জামান (৪৫)।
বিডিনিউজের রংপুর প্রতিনিধি জানান, জেলায় শীত জনিত রোগে আক্রান্ত হয়ে আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, নিহতরা হচ্ছে - হারাগাছের খানসামা এলাকার বাবু (নয়), হারগাছ পৌর এলাকার বানু (৬৫), কাউনিয়া টেপামধুপুরের লাকী (নয় মাস), গংগাচড়া বুড়িরহাট এলাকার মোহাম্মদ আলী (৭০) ও গজঘন্টা এলাকার শেখ মিয়া (৬২)। কুয়াশার কারণে আলু চাষীরা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আলুর চাষ নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এদিকে বিডিনিউজের হবিগঞ্জ প্রতিনিধি জানান, জেলার আধুনিক হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত খপুমিয়া ( ২৭ দিন) নামে এক শিশুর মৃত্যু ঘটে।
