২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াবাজার গরুর হাট উচ্ছেদের নির্দেশ দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার নয়াবাজার গুরুর হাট উচ্ছেদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। রাস্তা দখল করে গরুর হাট বসানোর কারণে পুরনো ঢাকায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত বৈঠকে তিনি ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গবাদিপশু বিক্রেতাদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে।

প্রতিমন্ত্রী কোরবানির পশুর চামড়া পাচার বন্ধের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহবান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চামড়া পাচার বন্ধে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চামড়া পরিবাহী ট্রাকগুলোর ওপর সরকার চারদিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এছাড়া নিরাপদে ঈদুল আজহা উদ্যাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিআইডব্লিইটিএ, বিআরটিএ, বাংলাদেশ রেলওয়ে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে অনুরোধ জানিয়েছেন।

বাবর বলেন, রাস্তা বন্ধ করে নয়াবাজারে গরুর হাট বসানোর ফলে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই এটি উচ্ছেদের জন্যে সংশ্লিষ্ট জোনের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন টার্মিনালে নাশকতামূলক তৎপরতা বন্ধে পর্যাপ্ত সংখ্যক আইন--শৃঙ্খলা রক্ষাকারী মোতায়েনের ব্যবস্থা নেয়া হয়েছে।

বাবর বলেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই করা কিছুতেই বরদাস্ত করা হবে না।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা শহরে ২১টি গরুর হাট বসেছে। এর মধ্যে ১৫টি বসিয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এবং বাকি হাটগুলো বিভিন্ন ক্লাব ও ব্যক্তির উদ্যোগে বসানো হয়েছে।