৬০ বছর পর মা ও মেয়ের দেখা
দীর্ঘ ৬০ বছর পর হারিয়ে যাওয়া মেয়ের দেখা পেলেন অভাগী মা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তের দিনগুলোতে জার্মানিতে মা হারিয়ে ছিলেন তার দু’ বছর বয়সী শিশু মেয়েকে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান আর পুনর্মিলনের মধুর মুহূর্তে মেয়েকে চোখের সামনে পেয়েই পাগলের মতো জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন।
মা ডরোথি কোয়ালস্কির বয়স এখন ৮২। মেয়ে রেনেট উইরোস্টেকের ৬২। রেনেট থাকেন জার্মানির বার্লিনে আর মা ডরোথি জীবনের স্রোতে ভেসে ভেসে আবাস গেড়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। অ্যাডিলেডেই সম্প্রতি তাদের দেখা।
আবেগঘন ও অবিস্মরণীয় পারিবারিক পুনর্মিলনের মুহূর্তে রেনেট বারবার ছোট্ট শিশুর মতো আঁকড়ে ধরছিল তার মাকে আর বলছিল, আহা কী অবিশ্বাস্য এক জাদু! কত কত বছর পর আমাদের দেখা!
১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল দিনগুলোতে কোয়ালস্কির বয়স মাত্র আঠার। তখনই জন্ম রেনেটের। জন্মের মাত্র ১৫ মাস যেতে না যেতেই জার্মানিতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং অক্ষশক্তির পরাজয় ঘনিয়ে আসে। আর ঠিক এমন এক সঙ্কটময় মুহূর্তে বিমান--বিধ্বংসী গোলন্দাজ বাহিনীতে ডাক পড়ে কোয়ালস্কির। শিশু রেনেটের বাবাও তখন রণাঙ্গনে।
মায়ের অনুপস্থিতির সময়টিতে আত্মীয় স্বজনরাই দেখাশোনা করছিল শিশু রেনেটকে। তাদের ওপর বোমা হামলার পর রেনেট বিভিন্ন পরিবারে পোষ্য হিসেবে লালিত পালিত হতে থাকে। দিনে দিনে পরিস্থিতি চরম অবনতির দিকে যেতে থাকলে পোমেরানিয়ার একটি খামারে তাকে স্থানান্তরিত করা হয়।
রাশিয়ার লাল ফৌজ যখন ১৯৪৪ সালের শেষ দিকে ওই এলাকায় প্রবেশ করে। তখন সবার সাথে সবরকমের যোগাযোগ হারিয়ে যায় রেনেটের। যুদ্ধ পরবর্তী বছরগুলোতে মা কোয়ালস্কি রেড ক্রস ও অন্যান্য অনুসন্ধানী সংগঠনের সহযোগিতায় হন্যে হয়ে খুঁজে ফেরেন মেয়ে রেনেটকে, কিন্তু কেউ তার হদিস দিতে পারেনি। অবশেষে তিনি ভেবেই নেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামার মধ্যে অন্য অনেক মায়ের মতোই তিনিও হারিয়েছেন তার নয়নের মণিকে।
আর ওই সময়টিতে উত্তর জার্মানির শ্লেসউয়িগ হোলস্টেইনের একটি পরিবারে বেড়ে উঠতে থাকে রেনেটে। ১৬ বছরের আগ পর্যন্ত রেনেট জানত না, সে যুদ্ধে হারিয়ে যাওয়া এক অনাথ শিশু। জানার পর এই সত্য রেনেটেকে হতাশ করেনি, বরং সে সত্যের সাহসে বলীয়ান হয়ে তার মাকে খুঁজতে থাকে। যুদ্ধে মায়ের মৃত্যু হতে পারে, এমন সম্ভাবনাকে সে কখনোই আমল দেয়নি। এমনকি যখন রেনেটকে এতিম ভাতা দেওয়া হচ্ছে তখনও মায়ের জীবিত থাকার ব্যাপারে আস্থা হারায়নি সে। স্কুল ছেড়ে সে সারা বার্লিন তন্নতন্ন করে তার মাকে খুঁজতে থাকল।
এরই মধ্যে কোয়ালস্কি আবার বিয়ে করে অস্ট্রেলিয়ায় অভিবাসী হয়েছেন। দ্বিতীয় স্বামীর ঘরে সন্তানও আছে। জীবনের শেষ বেলা ঘনিয়ে এসেছে তার।
২০০৫ সালের শীতে জার্মান কর্মকর্তারা রেনেটেকে যোগাযোগ করার ব্যাপারে অনুরোধ জানিয়ে একটি চিঠি লেখে। তাদেরও প্রথম দিকে ধারণা ছিল মারা গেছেন কোয়ালস্কি। কিন্তু অস্ট্রেলিয়ায় বয়স্কভাতাভোগী কোয়ালস্কির সন্ধান পেয়ে তাদের ধারণায় ফাটল ধরে।
পত্র পাঠানোর সপ্তাহ কয়েক পরই রেনেট উড়ে আসেন অস্ট্রেলিয়ায়। সেখানে বৃদ্ধা মা ও তিন সৎবোনের সাথে তার দেখা হয়।
মা জীবিত আছেন এবং আছেন অস্ট্রেলিয়ায়। এ খবর জানার পর অধীর আগ্রহে ও উত্তেজনায় প্রতিটি দিন কাটছিল রেনেটের। মা যদি এতদিনে জার্মান ভুলে গিয়ে থাকেন এবং যদি তার কথা না বুঝতে পারেন, তাই প্রতিদিন চটপট কিছু ইংরেজি শিখে নিচ্ছিল সে।
কল্পনাতীত প্রাপ্তির আনন্দ এখন রেনেটের চোখেমুখে। অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে শুধু বলতে পারল, আমি খুব খুশি! রোদের আলোয় উজ্জ্বল অ্যাডিলেডে পক্ষকালের জন্যে আছেন রেনেট। ইতোমধ্যে মা ও সৎবোনদের সাথে জীবনের না বলা কত কথার যে বিনিময় হয়েছে! তবু তাদের কথা ফুরোয়নি। মা ও সৎবোন এবং আত্মীয়--স্বজনদের সাতশ’ ছবি তুলে নিয়েছে রেনেট।
প্রাপ্তির সুখে জীবন ভরে নিয়ে জার্মানিতে ফিরে যাবেন রেনেট উইরোস্টেক। মাকে জার্মানিতে নিয়ে আসার ব্যবস্থাও করেছে। রেনেট জানাল, জার্মানিতে বেড়াতে আসছেন আমার মা। খুব বেশি হলে মে মাস পর্যন্ত দেরি।
