পাহাড়ে আবার অনানুষ্ঠিক বাণিজ্যিক মোবাইল ফোন চালু
পাহাড়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল টেলিফোন চালু না হলেও সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া বাণিজ্যিক মোবাইল ফোন আবার চালু হয়েছে।
মোবাইল টেলিফোনের সুবিধা থেকে বঞ্চিত পার্বত্য এলাকাবাসীরা এখন নিজস্ব উদ্যোগে লাগসই প্রযুক্তিতে ব্যবহার করছেন মোবাইল ফোন। সরজমিনে জানা যায়, পাহাড়ে এসব মোবাইল ফোনের প্রায় সবগুলোই ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে।
দেড় যুগেরও আগে সারা দেশে মোবাইল ফোন চালু হলেও নিরাপত্তা বাহিনীর আপত্তির কারণে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি - এই তিন পার্বত্য জেলায় এখনো আনুষ্ঠানিকভাবে টেলিফোন নেটওয়ার্ক চালু হয়নি।
উপরন্তু নিরাপত্তার অজুহাতে জেলা প্রশাসন সম্প্রতি পাহাড়ের এসব মোবাইল ফোনের দোকান বন্ধ করার নির্দেশ দেয়। এই নির্দেশ প্রত্যাহার করা না হলেও জনমতের চাপে মোবাইল ফোনের দোকানগুলো এখন আবার চালু হয়েছে।
বিডিনিউজের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি জানান, ওই দুই পার্বত্য জেলাতেও একইভাবে বাণিজ্যিক মোবাইল ফোন চালু হয়েছে।
নিরাপত্তা বাহিনী মনে করছে, শান্তিচুক্তির পরেও পাহাড়ে যেহেতু চুক্তির পক্ষে - বিপক্ষের একাধিক সশস্ত্র গ্র“প ও বিদেশী গেরিলা গ্র“প তৎপর, সেহেতু আনুষ্ঠানিকভাবে সেখানে মোবাইল ফোন চালু করা হলে আইন - শৃঙ্খলা পরিস্থিতির মারাতœক অবনতি ঘটবে ।
এ কারণে গ্রামীণ, বাংলা লিংক, একটেল ও সিটি সেল - দেশের এই চারটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানী দীর্ঘদিন ধরে পাহাড়ে মোবাইল ফোন চালু করার বিষয়ে একাধিকবার পরিকল্পনা নিয়েও তা বাস্তবায়ন করতে পারেনি। অবশ্য নিরাপত্তা বাহিনী পাহাড়ে মোবাইল টেলিফোন চালু করার বিষয়ে তাদের আপত্তির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না।
সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, পার্বত্যাঞ্চলের উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় কোথাও কোথাও বৃহত্তর চট্টগ্রাম জোনের টাওয়ারের আওতায় গ্রামীণ ও সিটি সেল কোম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। যেসব পাহাড়ে এই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, সেসব পাহাড়ে এখন অনেকেই অ্যান্টিনা বসিয়ে জেলা সদরে তো বটেই, এমন কি থানা সদরেও বাণিজ্যিকভাবে মোবাইল ফোনের দোকান খুলে বসেছেন। সাধারণ পার্বত্যবাসীর মোবাইল নেটওয়ার্ক সুবিধা না থাকায় বছর দু’য়েক হলো চালু হওয়া এসব টেলিফোনের দোকানে ভীড় লেগেই থাকে।
পার্বত্য জেলা বান্দরবান সদরেই রয়েছে এরকম অন্তত: চারটি বাণিজ্যক টেলিফোনের দোকান। জেলার চিম্বুক, মেঘলা, কানাপাড়া, শ্যারন পাড়ার কোথাও কোথাও গ্রামীণ ও সিটি সেলের নেটওয়ার্ক পাওয়া যায়। এই সুবিধার ওপর নির্ভর করে গড়ে উঠেছে এসব দোকান।
একজন দোকানী বিডিনিউজকে জানান, প্রথম প্রথম তারা পাহাড়ের চূড়ায় অ্যান্টিনা বসিয়ে তার টেনে শহরে চালু করেছিলেন এই ব্যবসা। কিন্তু ঝড়--বৃষ্টিতে প্রায়ই তার ছিঁড়ে যাওয়ায় বিঘœ ঘটতো তাদের কার্যক্রম। প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে থাকায় এখন আর এই বিপত্তি পোহাতে হয় না।
বান্দরবান সদর ছাড়াও জেলার আলিকদম, লামা ও রুমা উপজেলাগুলোতে গড়ে উঠেছে এমনি কয়েকটি বাণিজ্যক টেলিফোনের দোকান।
এছাড়া ফুরামন পাহাড়ে একই কায়দায় অ্যান্টিনা বসিয়ে আরেক পার্বত্য জেলা রাঙ্গামাটি সদরে রমরমা ব্যবসা করছে একাধিক দোকান। রাঙ্গামাটির কাপ্তাই, কাউখালি, নানিয়ারচরে এমনি টেলিফোনের দোকান রয়েছে।
পার্বত্য জেলা খাগড়াছড়ির আলুটিলায় অ্যান্টেনা বসিয়ে সদরে চালু হয়েছে পাঁচ-ছয়টি দোকান। খাগড়াছড়ির রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা, লক্ষীছড়ি, মানিকছড়িতেও রয়েছে এমনি আরো কয়েকটি টেলিফোনের দোকান।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামীণ ফোনের একজন মুখপাত্র স্বীকার করে বিডিনিউজকে বলেন, নিরাপত্তা বাহিনীর আপত্তির কারণেই এত বছরেও পাহাড়ে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোন চালু করা যায়নি। তবে তাদের নিউজ লেটারে এখনো তিন পার্বত্য জেলায় মোবাইল ফোন চালু করার পরিকল্পনার কথা উল্লেখ থাকে।
তিনি বলেন, শান্তিচুক্তির পর পাহাড়ে পর্যটন, ব্যবসা-বাণিজ্য, উন্নয়নের সুবিধার দুয়ার উন্মোচিত হয়েছে। এই অবস্থায় শুধু মাত্র নিরাপত্তার অজুহাতে সেখানে মোবাইল ফোন চালু করতে না দেয়ার অর্থ হচ্ছে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সাধারণভাবে পিছিয়ে থাকা পার্বত্য চট্টগ্রামকে আরো পশ্চাদপদ অবস্থানে ঠেলে দেওয়া।
