নতুন ভোটার তালিকা: নীলফামারীর বেশির ভাগ মানুষই জানে না
ভোটার তালিকা তৈরি শুরুর দ্বিতীয় দিন পার হয়ে গেলেও নীলফামারীর বেশির ভাগ মানুষই জানেন না জেলায় ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে।
এ দিকে অভিযোগ উঠেছে, এ কাজে সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও সনাক্তকারী নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে।
তালিকা তৈরির কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার নির্দেশ দেওয়া হলেও এ খাতে এ পর্যন্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়নি নির্বাচন কমিশন। এ নিয়ে জেলা নির্বাচন অফিস চরম বিপাকে পড়েছে।
জেলা শহরের জুম্মাপাড়ার সুজাত আলী শামীম জানিয়েছেন, যারা ভোটার তালিকা করছে, তারা জামায়াত--বিএনপির সমর্থক। একই এলাকার ইয়াসিন আলীর অভিযোগ, শুনেছি ভোটার তালিকা তৈরির কাজ চলছে। কারা কীভাবে তালিকা তৈরি করছে, তা জানিনা।
নীলফামারী পৌর এলাকার উত্তর হাড়োয়া গ্রামের মহসীন আলী, আব্দুল গফুর, ইদ্রিস আলী নুতন করে ভোটার তালিকা তৈরির কথা শুনে অবাক হয়ে বললেন, কই! আমরা তো শুনিনি ভোটার তালিকা তৈরি হচ্ছে। মধ্য হাড়োয়া গ্রামের জাহাঙ্গীর আলম ও হোসেন আলী বললেন, পেপারে পড়েছি, ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে কেউ আসেনি। এভাবেই চলছে নীলফামারী জেলায় নুতন ভোটার তালিকা তৈরির কাজ।
এদিকে ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত সহকারী রেজিস্ট্রেশন অফিসার, সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও সনাক্তকারীরা অভিযোগ করেন, তাদের অত্যন্ত নিম্মমানের স্টেশনারিসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। এসব উপকরণ নিয়ে মাঠে কাজ করতে গিয়ে তারা বিড়ম্বনায় পড়ছে। অথচ মানসম্মত উপকরণ সরবরাহের জন্যে প্রায় আট লাখ টাকা বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস ৭৪ জন সহকারী রেজিস্ট্রেশন অফিসার, ৭ শ’ ২৪ জন সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী ও সনাক্তকারী হিসেবে ২ হাজার ৬শ’ ৭৭জনকে নিয়োগ দিয়েছে।
জেলা নির্বাচন অফিস সুপারভাইজার, তথ্য সংগ্রহকারী ও সনাক্তকারী হিসেবে বিভিন্ন স্কুল--কলেজের শিক্ষকদের নিয়োগের দাবি করলেও নীলফামারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক ছাত্রকে তথ্য সংগ্রহ করতে দেখা গেছে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী রোস্তম আলী জানিয়েছেন, কাদের নিয়োগ দেওয়া হয়েছে, তার কোনও তালিকা তার অফিসে নেই। উপজেলা নির্বাচন অফিসার মারুফুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত এ তালিকা তৈরি হয়নি।
জেলায় ২০০০ সালে ভোটার সংখ্যা ছিলো ৯ লাখ ৩১ হাজার ৮ শ’ ৯৯ জন। জেলা নির্বাচন অফিস সে অনুযায়ী ভোটার ফরম পেয়েছে। অথচ এবার ২০ ভাগ নুতন ভোটার বাড়বে বলে জানিয়েছে নির্বাচন অফিস।
