সুন্দরবনে বাঘ গবেষণায় ব্যবহৃত রেডিও কলার বিশ্লেষণের কাজ পুনরায় শুরু
‘এ স্টাডি অন বিহেভিয়ার এন্ড ইকোলজী অব টাইগার্স ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে পরিচালনাধীন বাঘ গবেষণা প্রকল্পের কাজ বর্ষা মৌসুমের কারণে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শেখ মিজানুর রহমান মঙ্গলবার বিডিনিউজকে একথা জানান।
বর্ষা মৌসুমের জন্য বাঘের গলায় ব্যবহৃত রেডিও কলারের গবেষণার কাজ বন্ধ থাকলেও বর্তমানে পুনরায় শুরু হয়েছে।
সুন্দরবনে বাঘ গবেষণায় ব্যবহৃত বাঘিনীর গলায় সংযুক্ত রেডিও কলারটি বিশ্লেষণ করে প্রখ্যাত বাঘ বিশারদ জেমস এল.ডি. স্মিথ এবং চার্লস ম্যাকড্যুগাল জানান, বাঘের রেডিও কলার বিশ্লেষণ করে আরও অনেক অপ্রকাশিত এবং গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
তারা আরও জানান, বাঘের চলাচল, আবাসস্থল, খাদ্যাভ্যাস, শিকার পদ্ধতি ও যৌন আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
সংশ্লিষ্ট গবেষকরা এসব তথ্য নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ করছেন। এ বিশ্লেষণের মাধ্যমে সুন্দরবনে বাঘের অস্তিত্বের জন্য ঝুঁকিসমূহ চিহ্নিত করা যাবে। বাঘের হাতে মানুষের প্রাণহানির হার হ্রাস করার কৌশল নির্ধারণ করা যাবে এবং বাঘ ব্যবস্থাপনায় বনকর্মীদের প্রশিক্ষিত করে তোলা সম্ভব হবে।
