সাংবাদিক মুকুল হত্যা মামলায় ইত্তেফাকের রিপোর্টার ফারাজী আজমলকে জড়িত করায় ডিআরইউ’র উদ্বেগ
রানার সম্পাদক মুকুল হত্যা মামলার সম্পূরক চার্জশিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ফারাজী আজমল হোসেনের নাম অন্তর্ভুক্ত করায় ডিআরইউ উদ্বেগ প্রকাশ করেছে।
সংগঠনের সভাপতি এম শফিকুল করিম ও সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, স্বার্থান্বেষী একটি মহল প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফারাজী আজমল হোসেনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে।
তারা আরও জানান, এর আগেও সাংবাদিক শামছুর রহমান হত্যা মামলায় বাদির আপত্তি উপেক্ষা করে সম্পূরক চার্জশিট দিয়ে তাকে হয়রানি করা হয়।
ডিআরইউ নেতারা চার্জশিট থেকে ফারাজী আজমল হোসেনের নাম প্রত্যাহারের দাবি জানান।
