২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট সিরিজ বোমা হামলা গোয়েন্দা সংস্থার জন্যে একটি বড় ধরণের ব্যর্থতা ঃ বাবর

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার আগাম তথ্য না দিতে পারায় গোয়েন্দা সংস্থাগুলোর সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

তিনি বলেন, ধারাবাহিক বোমা হামলার রহস্য উদঘাটনে ব্যর্থতা আমাদের গোয়েন্দা তৎপরতার দুর্বলতারই ইঙ্গিত বহন করেছে।

“সন্ত্রাস ও অপরাধ সংঘটনের সঠিক তথ্য আগাম ও সময়মত না পেলে সিন্ধান্ত নিতে বিলম্ব হয়, এতে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়। ১৭ আগস্ট ৬৩ টি জেলায় পরিকল্পিত বোমা বিস্ফোরণের ঘটনাটি ছিল একটি বড় ধরণের গোয়েন্দা ব্যর্থতা এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ,” পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে ডিআইজি ও এসপিদের সম্মেলনে বাবর এ মন্তব্য করেন।

পুলিশ বাহিনীর আধুনিককায়ন প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনীর বিপথগামী কিছু সদস্যের জন্য সুশৃঙ্খল এই বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সাম্প্রতিককালে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ইত্যাদি অপরাধের সাথে কিছু পুলিশ জড়িয়ে পড়ায় এই বাহিনীর বদনাম হচ্ছে”। 

বাবর আরও বলেন, মামলার তদন্তে অসততা ও তদন্তের নিুমান, চার্জশিটের দূর্বলতা, ঘটনা উদঘাটনে ব্যর্থতা, তালিকাভুক্ত আসামি ও সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যর্থতা সুসজ্জিত এই বাহিনীর যোগ্যতা ও দক্ষতাকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করছে।

এছাড়া মাঠ পর্যায়ে কিছু সংখ্যক পুলিশ অফিসারের গাফিলতি, মামলা তদারকির ক্ষেত্রে গাফিলতি, দায়িত্ব পালনের উদাসীনতা, এমনকি অপরাধীদের সাথে সখ্যতা সরকারকে সন্ত্রাস ও অপরাধ দমনে অনেক সময় বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে বলে প্রতিমন্ত্রী অভিযোগ করেন। 

তিনি বলেন: “আমরা পুলিশকে জনগণের সেবক হিসেবে দেখতে চাই, আইনের নিরপেক্ষ প্রয়োগ চাই।”

“সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার পুলিশ বাহিনীকে একটি আধুনিক ও সুসজ্জিত বাহিনীরূপে গড়ে তোলার চেষ্টা করছে”, বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলার উন্নতির জন্য ডিএমপি’র থানার সংখ্যা ২২ থেকে বাড়িয়ে ২৮ করা হয়েছে। চলতি বছরে এই সংখ্যা ৫১ তে দাড়াবে। এছাড়া পুলিশ বাহিনীতে পদ বৃদ্ধি করা হয়েছে এবং সর্বস্তরের যোগ্যদের পদোন্নতি প্রদান করা হয়েছে”।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর জন্য বিভিন্ন ধরণের ১ হাজার ৮ শ’ ৫৭টি এবং র‌্যাব এর জন্য ৯ শ’ ৮৭ টি যানবাহন কেনা হয়েছে। এছাড়া ইউএনডিপি’র অর্থায়নে ২৫ টি থানাকে মডেল থানা হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং জাপানের সহায়তায় আরও ১১টি মডেল থানার আর্থিক অনুমোদন পাওয়া গেছে।

তিনি বলেন, ডিএমপিতে আধুনিক কমান্ড কন্ট্রোল সেন্টার স্থাপনের জন্য ৬৫ কোটি টাকার প্রস্তাব পাস করা হয়েছে।