কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় অভিযুক্ত ওসি চাকুরিচ্যুত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ওসি আইয়ুবকে বুধবার চাকরি থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, পুলিশ সদর দপ্তর থেকে আইজি স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠির কপি ফ্যাক্স যোগে বুধবার দুপুরে ওই অফিসে পাঠানো হয়।
এদিকে অতিরিক্ত ডিআইজি মেজবাহুন্নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে অফিসিয়াল অর্ডারের কপি এখনো পাননি বলে বিডিনিউজকে জানান। অন্যদিকে নোয়াখালী পুলিশ সুপার একেএম শহিদুর রহমান ঢাকায় অবস্থান করায় এ ব্যপারে তার কাছ থেকেও কোন তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য- গত ১৯ অক্টোবর রাতে বসুরহাট বাজারে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পরদিন বিক্ষোভরত ব্যবসায়ীদের ওপর ওসির নির্দেশে পুলিশ গুলি চালালে পাঁচ জন নিহত এবং বহুলোক গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
