কাপাসিয়ায় জঙ্গি নেতার দলবল নিয়ে মাদ্রাসার হাজিরা খাতায় স্বাক্ষর দান
কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়নের বেগুনহাটী মাদ্রাসার আরবী বিভাগের শিক্ষক জঙ্গি নেতা আমানউল্লা সরকার দলবল নিয়ে কর্মস্থলে এসে হাজিরা খাতায স্বাক্ষর ও তিন দিনের ছুটি মঞ্জুর করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আমানউল্লা জঙ্গি মতাদর্শের বই উদ্ধার মামলার অন্যতম পলাতক আসামী, যাকে পুলিশ খুঁজছে।
গত ১৮ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া পুলিশ জেএমবি সদস্য আক্তার হোসেনের বাড়ির পাশের একটি কলাবাগান থেকে মাটি খুঁড়ে দুই’শ জঙ্গি মতাদর্শের বই উদ্ধার করে। জঙ্গি সদস্য আক্তার এ সময় পালাতে পারলেও পুলিশ তার পিতা নূরুল ইসলামকে গ্রেপ্তার করে। নূরুল ইসলাম প্রাপ্ত বইগুলো আমানউল্লার বলে স্বীকার করেন। নূরুল ইসলাম বর্তমানে জেল হাজতে রয়েছে তবে ঘটনার পর থেকে আমানউল্লাহ সরকার ও আক্তার হোসেন পলাতক রয়েছে।
সূত্র জানায়, আমানউল্লাহ পলাতক থাকা অবস্থায় তার কর্মস্থল বেগুনহাটী মাদ্রাসায় শীতকালিন ছুটির পর ১ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং আরও তিন দিনের ছুটি মঞ্জুর করান। আধ ঘন্টা মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থানকালে তিনি তার সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বুধবার সকালে সরেজমিনে বেগুনহাটী মাদ্রাসা গেলে শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা জানা যায়। এলাকাবাসী জানায়, আমানউল্লা আধ ঘন্টা অবস্থানকালে স্থানীয় বিএনপির ক্যাডার মোস্তফাসহ সাত/আট জন যুবক তাকে ঘিরে ছিল।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ নূরুজ্জামানের কোন বক্তব্য পাওয়া যায়নি। মাদ্রাসার অন্য শিক্ষক রিয়াজউদ্দিন বলেন, আমানউল্লাহ এসেছিল তবে ছুটি নিয়েছে কিনা তা জানা নেই।
এ ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা কাপাসিয়া থানার দারোগা আবু ওবায়েদ খানকে জিজ্ঞাসা করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান। এদিকে এলাকাবাসী বলছে, আমানউল্লাকে সন্ধ্যার পর প্রায়ই এলাকায় দেখা যায়।
