২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশ-জনতার সংঘর্ষ: ২জন নিহত, আহত অর্ধশত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বুধবার বিকেলে পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের সংঘর্ষকালে পুলিশের গুলিতে দু’জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহত চককীর্তি লাওঘাট্টা গ্রামের বাবু, খাসের হাটের মনিরুল ও অজ্ঞাত এজজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের রাবার বুলেটে আহত ৩০ জনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির মিটার ভাড়া ও মাসিক ন্যূনতম চার্জ প্রত্যাহারসহ নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সমিতি কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশের বাধার মুখে এ সংঘর্ষ শুরু হয়।

এ ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে শিবগঞ্জের ইউএনও, সহকারী পুলিশ সুপার ও ম্যাজিস্ট্রেট অবস্থান করেন।

ব্যাপক সংখ্যক পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর ঘিরে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাটেলিয়নের সদর দপ্তর থেকে এক প্লাটুন বিডিআর পাঠানো হয়েছে বলে বিডিআর সূত্র জানিয়েছে।

বিক্ষুদ্ধ হাজার হাজার লোক পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় এলাকায় অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ--সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

ঘটনাস্থলে উপস্থিত সহকারী পুলিশ সুপার সদর সার্কেল শামসুল আলম খান পুলিশের গুলিতে দু’জনের মৃত্যুর খবর স্বীকার করেন।

তিনি বলেন, বিক্ষুদ্ধ হাজার হাজার লোক পুলিশের ওপর ইট--পাটকেল ছুঁড়ে আক্রমন চালালে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

তবে ক’রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে, তিনি তা জানাতে পারেননি। জনতার আক্রমনে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে তিনি জানান।

ঢাকায় অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রোজাউল করিমের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ওই ঘটনায় দু’জনের মৃত্যুর কথা শুনেছেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।