যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র, শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টদের সম্মেলনের আয়োজন করছে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস এবং শিক্ষা মন্ত্রী মার্গারেট স্পেলিংস এর যৌথ উদ্যোগে ওয়াশিংটনে ৫ ও ৬ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষার উপর আমেরিকান বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টদের দু’দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
সচিবদ্বয় জাতীয় স্বার্থে আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে আন্তর্জাতিক শিক্ষা জোরদার করতে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষিত নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট করবেন। আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ নিয়ে সরকার ও বেসরকারি খাতের সহযোগিতামূলক কাজের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনার সূচনা করতে পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এই সম্মেলনের আয়োজন করেছে।
এখানে প্রাপ্ত তথ্যে জানা যায়, এই সম্মেলনে বিদেশী শিক্ষার্থী ও পন্ডিতদের আকৃষ্ট করা এবং যুক্তরাষ্ট্রের অধিক সংখ্যক শিক্ষার্থীদের তাদের শিক্ষা কার্যক্রমের এক অংশ বিদেশে গিয়ে সম্পন্ন করতে উদ্বুদ্ধ করার উপায় নিয়ে আলোচনা করা হবে।
এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারীগণ বিদেশে কম সুবিধাপ্রাপ্ত লোকজনদের কাছে যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা কর্মসূচি তুলে ধরা, ভিসা প্রক্রিয়া বোঝানো, বিনিময় অগ্রাধিকারসমূহ পূরণে সহযোগিতা করা এবং কমিউনিটি কলেজসমূহের সম্পদ আন্তর্জাতিক শিক্ষায় পুরোপুরি ব্যবহার সম্পর্কে আলোচনা করবেন।
বিদেশে শিক্ষা গ্রহণের সুযোগ বৃদ্ধি, অপ্রচলিত শিক্ষা কার্যক্রম ও অপ্রচলিত ভাষা শিক্ষায় উৎসাহ প্রদান, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে সামঞ্জস্যপূর্ণ আন্তর্জাতিক কার্যক্রম উদ্ভাবন এবং ভবিষ্যতের জন্য একটি অভিন্ন জাতীয় পরিকল্পনায় সরকার ও বেসরকারি খাতকে সংশ্লিষ্ট করাসহ আমেরিকানদের জন্য আন্তর্জাতিক উচ্চতর শিক্ষা কার্যক্রম জোরদার করতে যে গুরুত্বপূর্ণ বিনিয়োগ দরকার, সে বিষয়েও সম্মেলনে আলোকপাত করা হবে।
