পর্ব-৩- জঙ্গিবাদের উত্থান : ইসলামী এনজিও’র অর্থ যোগান এবং জঙ্গিবাদে জামাত কানেকশন
জঙ্গিবাদ বিস্তার, ইসলামী জেহাদের নামে সশস্ত্র সংগ্রামে উজ্জীবিত করে হাজার হাজার কর্মী সংগ্রহ ও তাদের নিয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার জন্য নিষিদ্ধ জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) প্রয়োজনীয় অর্থের যোগান পেয়েছে বিভিন্ন ইসলামী এনজিও ও প্রতিষ্ঠানের কাছ থেকে।
জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান পারিবারিকভাবে সচ্ছল হলেও তার পক্ষে এককভাবে জেএমবি’র নাশকতামূলক কাজে অর্থ সরবরাহ কোন উপায়েই সম্ভব নয়। এছাড়া জেএমবি’র মজলিশ-এ-সূরা’র অপর সদস্যদের সকলেই নিু মধ্যবিত্ত পরিবারের সন্তান। এ অবস্থায় বিভিন্ন এনজিওই ছিলো তাদের খরচের অর্থ সরবরাহের প্রধান উৎস।
এছাড়াও জেএমবি দেশের বিভিন্ন দারিদ্রপীড়িত এলাকা এবং মাদ্রাসা থেকে ইসলামী জেহাদের নামে মাঠ পর্যায়ের কর্মী ও সদস্য সংগ্রহ করেছে।
একটি সূত্র জানায়, সংগঠনের পক্ষ থেকে জেএমবি’র সার্বক্ষণিক কর্মী এবং এহসারদের মাসিক বেতন হিসেবে ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত প্রদান করা হতো ।
“এছাড়া দলের ২০০০ আত্মঘাতি দলের সদস্যদের বেহেস্তের প্রলোভন ছাড়াও তাদের পরিবারকে বোমা হামলায় নিহত হলে ৫০ হাজার টাকা প্রদান করার সিদ্ধান্তও নিয়েছিল জেএমবি,” নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়।
জঙ্গিবাদে মদদ প্রদানের অভিযোগে কারাবন্দি ড. আসাদুল্লাহ আল গালিবের সংগঠন আহলে হাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মওলানা আবদুল লতিফ বিডিনিউজকে জানান, দেশে জঙ্গিবাদ বিস্তারে কিছু ইসলামী এনজিও ও অর্থসংস্থা বিভিন্ন সময় অর্থ সরবরাহ করেছে।
বাংলাদেশে বর্তমানে এনজিও বিষয়ক ব্যুরোতে ৩৪টি ইসলামী এনজিও তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ২৫টি সক্রিয় রয়েছে। এই এনজিওগুলো ছাড়াও সমাজ কল্যাণ অধিদপ্তরে আরও কমপক্ষে ২০০ ইসলামী সংগঠন তালিকাভুক্ত রয়েছে।
জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জামাত থেকে মনোনীত হওয়ায় এই মন্ত্রণালয়ে ইসলামী এনজিও তালিকাভুক্তির কাজ খুব দ্রুত বেড়েছে বলে সূত্র জানায়। এসব এনজিও বিদেশ থেকে তহবিল পায় এবং এসব প্রতিষ্ঠানে প্রায় ২৫ হাজার কর্মী রয়েছে।
এছাড়া জামাতের কিছু নেতা, ধর্মীয় নেতা এবং মাদ্রাসার শিক্ষকরা বিদেশে গিয়ে যাকাত, ফিতরার জন্যে টাকা সংগ্রহ করে সরাসরি দেশের বিভিন্ন এনজিও, এতিমখানা এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেয়। এসব অর্থের কোন হিসাব পাওয়া যায় না। হুন্ডির মাধ্যমে এই অর্থ দেশে আসে বলে অভিযোগ রয়েছে।
ঢাকা এবং চট্টগ্রামের কিছু রপ্তানিকারক এবং আমদানিকারকও এসব কাজে তাদের সহায়তা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যাংকক এবং সিঙ্গাপুর হয়ে এসব অর্থ দেশে আসে। দেশের কওমী মাদ্রাসাগুলোতে এসব টাকা পাঠানো হয়। সরকারের কাছে এসব মাদ্রাসার কোনও রকম জবাবদিহিতা নেই।
১৯৯০ সাল থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এসব মাদ্রাসায় বিপুল অর্থ পাঠানো শুরু হওয়ার পর থেকে দেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠে কওমী মাদ্রাসা। উল্লেখ্য, দেশে বর্তমানে ১০ হাজারের মতো কওমী মাদ্রাসা আছে। এসব মাদ্রসায় জেহাদের নামে জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ রয়েছে।
মওলানা লতিফ আরও জানান, এছাড়া কয়েকটি ইসলামী এনজিও এবং ধর্মীয় ইন্স্যুরেন্স কোম্পানিও জঙ্গিবাদের পেছনে অর্থ সরবরাহ করে জঙ্গিবাদকে মদদ দিয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদে অর্থ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ওয়ার্ল্ড ইয়ং মুসলিম অ্যাসোসিয়েশন (ডব্লিউওয়াইএমএ) এর প্রথম সাধারণ সম্পাদক ছিলেন তৎকালীন ছাত্রশিবিরের একজন নেতা। ওই নেতা বর্তমানে চারদলীয় জোটের একজন সংসদ সদস্য। ডব্লিউওয়াইএমএ এর বিরুদ্ধে দেশের বিভিন্ন মাদ্রাসায় অর্থ সরবরাহ করে জঙ্গিবাদ বিস্তারে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া রাবেতা আল ইসলামী এবং রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ (আরইএইচ) এর বিরুদ্ধেও জঙ্গিবাদে অর্থ সরবরাহের অভিযোগ রয়েছে। একাধিক সূত্র জানায়, আরইএইচ এর একটি শাখা উত্তরার ৬ নং সেক্টরে তাদের অফিস খুলে জঙ্গিবাদে অর্থ সরবরাহ করেছে।
জঙ্গিবাদে অর্থ সরবরাহের অভিযোগে মার্কিন কালো তালিকাভুক্ত কুয়েতভিত্তিক ইসলামী এনজিও আল হারামাইন এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
দেশব্যাপী ১৭ আগস্ট ধারাবাহিক বোমা বিস্ফোরণের পর গত ১২ সেপ্টেম্বর গোয়েন্দা সংস্থার সদস্যরা কুয়েতভিত্তিক বেসরকারী সংস্থা আরইএইচ এর পরিচালক মওলানা আকরামুজ্জামানকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া অপর ইসলামী সংস্থা ইকরা বাংলাদেশ এর প্রধান মওলানা মাস’উদ কে একই অভিযোগে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা।
গত ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘ইসলামী এনজিও ও আন্তর্জাতিক অংশীদারিত্ব উন্নয়ন; শীর্ষক সেমিনারে যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা বলেন, সন্ত্রাসবাদ ও ইসলামী এনজিওগুলোর মধ্যে সম্পর্ক আছে কিনা, তা নিয়ে আজ সন্দেহের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, অঙ্গ সংগঠনসমূহের ওপর দুর্বল নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিবৃতির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও দুর্বল শাসনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সেমিনারে ধর্মমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান বাংলাদেশে কর্মরত কিছু ইসলামী এনজিওর কার্যক্রম নিয়ে হতাশা ব্যক্ত করেন।
জামাত কানেকশন ঃ
কাশ্মির ফ্রন্টে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার হয়ে যুদ্ধ করতে গিয়েছিল সাভারের বাইপাইল এলাকার সাইফ। এই কমান্ডার ওসামা বিন লাদেনের আদর্শের অনুসারী। গত ১০ ও ১৩ অক্টোবর দুইদিন সাভারের একটি গ্রামে এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর নানা তথ্য দেন লস্কর-ই-তৈয়বার সাবেক কমান্ডার সাইফ (সাংগঠনিক নাম)। আসল নাম প্রকাশ করতে সাইফের অনুরোধ রক্ষা করতে রাজি হওয়ায় তিনি এই সাক্ষাৎকার দিয়েছেন।
হরকাতুল জেহাদ আল ইসলামী বাংলাদেশ’র (হুজি--বি) সদস্য থাকাকালীন লস্কর--ই--তৈয়বার পাকিস্তানি নেতা আবু মুসা’র মাধ্যমে সাইফসহ আরও ২৫ জন বাংলাদেশী কাশ্মীর ফ্রন্টে যুদ্ধ করতে যান। মুসলিম ডিফেন্স আর্মি- এই নামে বাংলাদেশ থেকে সাইফসহ অনেক তরুণকে রিক্রুট করে লস্কর--ই--তৈয়বা।
সাইফ জানায়, ছাত্র শিবিরের কর্মী থাকাকালীন হরকাতুল জেহাদের সাথে জড়িয়ে পড়ে সে।
আহলে হাদিসের প্রচার ও প্রকাশনা সম্পাদক জানান, এক সময় শিবিরের রগকাটা বাহিনীর অনেক সদস্যই জেএমবি এবং হুজি-বিতে যোগ দিয়েছে।
পুলিশ জানায়, ঝালকাঠিতে সুইসাইড হামলা চালানো মামুন ছাত্র শিবিরের কর্মী ছিল। পরে সে জেএমবিতে যোগ দেয়। মামুনের বাড়ির পাশেই দশমারিতে একটি মসজিদ-কাম ইসলামী প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই মসজিদটি আল মুনতাদা আল ইসলামী’র অর্থায়নে গড়ে উঠেছে।
আল মুনতাদা সৌদি সন্ত্রাসবাদী দল আল--কায়েদার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। এলাকাবাসী জানান, আল মুনতাদা স্থানীয় জনৈক এরশাদ উল্লাহর মাধ্যমে স্থানীয় জঙ্গিদের মাঝে অর্থ বিতরণ করে।
জেএমবি’র তথ্যপ্রযুক্তি শাখার প্রধান শামীমকে র্যাব সদস্যরা দেশব্যাপী বোমা হামলার পর সিলেট থেকে গ্রেফতার করে। শামীমের পিতা সিলেট জামাতের স্থানীয় নেতা।
শিবিরের পাশাপাশি অন্যান্য ইসলামি দল বিশেষ করে ইসলামী ঐক্যজোটের সঙ্গেও এসব জঙ্গিগোষ্ঠীর সখ্য গড়ে ওঠে ১৯৯২ সালের দিকে হুজি-বি’র মাধ্যমে।
ইসলামী ঐক্যজোট নেতা এবং কামরাঙ্গীরচর মাদ্রাসার প্রিন্সিপ্যল মওলানা আশ্রাফ এবং সিলেট অঞ্চলের অন্যতম নেতা মওলানা হাবিবুর রহমান পৃথক সাক্ষাৎকারে বিডিনিউজের কাছে স্বীকার করেন যে তারা সোভিয়েত আগ্রাসনের সময় আফগানিস্তানে সশস্ত্র যুদ্ধ করেছেন। হরকাতুল জেহাদের আমন্ত্রণে তারা যুদ্ধে গিয়েছিলেন বলে জানান।
মওলানা আশ্রাফ বলেন: “আমি ১৯৮৯ সালে খেলাফত আন্দোলনের প্রধান থাকাকালীন পাকিস্তানে যাই। সেখানে দেখা হয় মুজাহিদ কমান্ডার আবদুর রসুল সাঈয়েদ এর সাথে। তার আমন্ত্রণে আমরা কয়েকজন আফগানিস্তানে সশস্ত্র যুদ্ধ করি।”
উল্লেখ্য, ১৯৮৮ সালে আফগানিস্তানে যুদ্ধে মওলানা আশ্রাফের ছেলে রহমতুল্লাহ নিহত হয়।
তিনি বলেন, রহমতুল্লাহর মতো অনেক বাংলাদেশী তরুণ আফগান যুদ্ধে অংশগ্রহণ করেছে।
১৭ আগস্ট হামলায় অর্থ যোগান ঃ
১৭ আগস্ট বোমা বিস্ফোরণের পর দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, মধ্য এপ্রিলে হামলার পরিকল্পনা করা হয়। রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ এবং যুক্তরাজ্যের একটি মসজিদের ইমাম এই হামলায় অর্থ যোগান দেয়।
হামলার আগে তারা নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, বরিশাল, সাতক্ষীরা এবং ঢাকায় মধ্য এপ্রিল এবং মধ্য আগস্টের বিভিন্ন সময় প্রস্তুতিমূলক সভা করেছে। যুক্তরাজ্যের মসজিদের ইমাম মওলানা আতাউর রহমান, যিনি কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবস্থিত আহলে হাদিস লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার এর পরিচালক, বাংলাদেশে আসার পর হামলার তারিখ চূড়ান্ত হয়।
ঘটনার পর ওই মওলানা ২০ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশ থাকাকালীন ওই মওলানা শায়খ আবদুর রহমান এবং বাংলা ভাই এর সাথে বৈঠক করেন।
