২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁও হোটেলে বাটেক্সপোর সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ বিভ্রাট

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বৃহস্পতিবার রাতে দেড়ঘন্টার জন্য বিদ্যুৎহীন হয়ে পড়লে এর বোর্ডার এবং বাটেক্সপোর সাংস্কৃতিক অনুষ্ঠানের অতিথিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 10:11 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

রাত পৌনে আটটার দিকে হোটেলের বিদ্যুৎ চলে গেলে এর বোর্ডার এবং দর্শনার্থীরা প্রথমে ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না আসায় তারা আরো বিপদের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। হোটেল লবিতে বাটেক্সপোর সাংস্কৃতিক অনুষ্ঠানের একজন আমন্ত্রিত অতিথি জানান, বিপত্তি এড়ানোর জন্যে অতিথিরা ধীরে ধীরে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে থাকেন।

হোটেলের কক্ষগুলোতে ইমার্জেন্সি লাইট দিয়ে আলো সরবরাহ করার চেষ্টা চালাতে দেখা গেছে কর্তৃপক্ষকে। অভ্যর্থনাস্থলে কর্মরতদের ঘামে ভিজে কাজ করতে দেখা গেছে।

হোটেলের মার্কেটিং ও কম্যুনিকেশন ম্যানেজার ইমতিয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎবিভ্রাটের কারণ জানাতে পারেননি। তিনি বলেন, জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছেনা।

কিন্তু ডেসার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার আমীর হোসেন একে সোনারগাঁও হোটেলের অভ্যন্তরীণ সমস্যা বলে জানান। তিনি বলেন, ডেসার সরবরাহে কোনও সমস্যা নেই।

তিনি বিডিনিউজকে জানান, কারওয়ানবাজার এবং মগবাজার থেকে হোটেলে যে বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা ঠিকমতই চলছে।

এসময় হোটেলে অবস্থানকারী অতিথিরা অভ্যর্থনা কেন্দ্রে এসে এটি কোনও নাশকতামূলক কাজ কিনা, জানতে চান।

হোটেল লবিতে বহুসংখ্যক লোকের ভিড় দেখে বিস্মিত বৃটিশ নাগরিক উইলিয়াম বিডিনিউজকে জানান, এটি খুব অগোছালো এবং অস্বস্তিকর একটি অবস্থা।

বিদ্যুৎবিহীন অবস্থায় হোটেলের রেস্টুরেন্টগুলোতে মোমবাতি জ্বালিয়ে রাখতে দেখা গেছে। বাটেক্সপোর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিসকোতে আসা অনেক অতিথি ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, এসময় হোটেলের বাইরে গাড়ির লম্বা লাইন তৈরি হয়। রাত সোয়া নয়টার দিকে হোটেলের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।