সাংবাদিক নহর আলী হত্যা মামলায় সকল আসামী বেকসুর খালাস
খুলনার আঞ্চলিক পত্রিকা দৈনিক অনির্বান’র ডুমুরিয়া প্রতিনিধি নহর আলী হত্যা মামলার রায়ে নিউ বিপ্লবী পার্টির প্রধান মৃনালসহ ১৬ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: আবদুস সামাদ এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ১৮ এপ্রিল রাতে নহর আলী ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামে নিজের বাড়ির বারান্দায় স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার অনিলকৃষ্ণ বাইনসহ ২৪/২৫ জনের একটি দল সেখান থেকে নহর আলীকে ধরে পার্শ্ববর্তী নদীর তীরে ভেড়িবাঁধে নিয়ে যায় এবং সেখানে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরদিন গ্রামবাসী ও তার পরিবারের লোকজন আশংকাজনক অবস্থায় নহর আলীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে এবং তদন্ত করে ১৬ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়।
নহর আলীর আগে একই পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন শুকুর আলী। তাকেও হত্যা করা হয় এবং গত ২৪ জুলাই প্রদত্ত শুকুর আলী হত্যা মামলার রায়ে সকল আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়।
