খুলনায় ক্রসফায়ারে জনযুদ্ধের ক্যাডার নিহত
খুলনার শীর্ষস্থানীয় চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ-এমএল) ক্যাডার শাহ আলম (৩৮) বুধবার গভীর রাতে বাগেরহাটের রামপালের বাইনতলায় ক্রসফায়ারে নিহত হয়েছে।
নিহত শাহ আলমের বিরুদ্ধে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকতিয়ার উদ্দিন বাবলু হত্যাসহ বিভিন্ন অপরাধে খুলনা ও সোনাডাঙ্গা থানায় ১৮টি মামলা আছে।
ঘটনাস্থল থেকে র্যাব একটি পাইপগান, একটি দেশি বন্দুক এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
খুলনার র্যাব ৬ সূত্রে জানা যায়, শাহ আলমকে নিয়ে র্যাব সদস্যরা বুধবার রাত ৩টার দিকে রামপাল উপজেলার বাইনতলায় অস্ত্র উদ্ধারের জন্যে যায়। সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা র্যাব সদস্যদের প্রতি গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের মধ্যে পড়ে শাহ আলম নিহত হয়।
শাহ আলম খুলনা সিএসডি গোডাউনের শ্রমিক সরদার ছিল। ক্রসফায়ারে নিহত খুলনা সিটি করপোরেশনের কমিশনার আসাদুজ্জামান লিটুর সহযোগী হিসেবে শাহ আলম কাজ করতো বলে জানা যায়।
