বন্দর নিয়ে টিআইবি প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার মিল পেয়েছেন এসিসি কর্মকর্তারা
চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের ঘুষ দুর্নীতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) প্রতিবেদনের সত্যতা খুঁজে পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (এসিসি) কর্মকর্তারা।
গত দু’দিন ধরে এসিসি র একটি পর্যবেক্ষণ দল বন্দর ও কাস্টমসের কার্যক্রম ঝটিকা পরিদর্শন শেষে দেশের রাজস্ব আয়ের অন্যতম প্রধান এ খাতের কার্যক্রম নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে।
এসিসি কমিশনার মনির উদ্দিন আহমদ বৃহস্পতিবার বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে এ অসন্তোষ প্রকাশ করে বলেন, এসিসির পর্যবেক্ষণ ও টিআইবির প্রতিবেদনের মধ্যে মিল আছে। বন্দর ও কাস্টমসের কর্মকাণ্ডে দেশের ইমেজ মারাত্মক ভাবে ক্ষুন্ন হচ্ছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে সমগ্র দেশের ভাগ্য জড়িত। এ দুই প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
গত জুলাই মাসে প্রকাশিত টিআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি ও রপ্তানিকারকদের কাছ থেকে বছরে ৮শ কোটি টাকার বেশি ঘুষ আদায় করা হয়।
টিআইবির প্রতিবেদনে আরো বলা হয়েছে, আমদানি ও রপ্তানিকারকদের বন্দরে ৩৪১ কোটি টাকা ও কাস্টমসে ৪৬০ কোটি টাকা ঘুষ দিতে হয়।
বন্দর ও কাস্টমসের কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্যে এসিসির চার সদস্যের একটি প্রতিনিধি দল গত বুধবার চট্টগ্রামে আসে। কমিশনার মনির উদ্দিন আহমেদ আজ সকালে চট্টগ্রাম আসেন।
চট্টগ্রাম এসে তিনি পর্যবেক্ষণ দলের কাছ থেকে বন্দর ও কাস্টমসের কর্মকাণ্ড সম্পর্কে ধারণা নিয়ে প্রথমে কাস্টমসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে তিনি কাস্টমসের সম্যস্যা ও বহুস্টুখী দুর্নীতি প্রসঙ্গে বলেন, এসিসি বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তিনি দুর্নীতি দূর করতে এসিসিরকে সহযোগিতার জন্যে কর্মকর্তাদের আহবান জানান।
কাস্টমস হাউজে অনুষ্ঠিত এ বৈঠকে কাস্টমস কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন, ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার ও প্রিন্সিপাল এপ্রাইজাররা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে তিনি কাস্টমস হাউজে রাজস্ব আদায় পদ্ধতি প্রত্যক্ষ করে অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও বিশৃঙ্খলার সমালোচনা করেন।
কাস্টমসের সঙ্গে বৈঠক শেষে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বন্দর চেযারম্যান এএম শাহাদাত হোসেনসহ অন্যান্য উর্ধ্বন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গত দু’দিনে এসিসির পর্যবেক্ষণ টিম অনেক অনিয়ম খুঁজে পেয়েছে। আর যাতে অনিয়ম না হয়, সে জন্যে কমিশন শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে।
বন্দর ও কাস্টমসকে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে শিগগিরই কমিশনের একটি টিম নিয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কমিশনের কাজে সহযোগিতা না করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে তিনি বন্দরের কর্মকর্তা কর্মচারিদের সতর্ক করে দেন।
