ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুধবার বিএসএফের গুলিতে দু’জন বাংলাদেশী নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, ইউনুস মিয়া এবং সেলিম। অন্যদিকে সীমান্তে গাছ লাগানোকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্তে বিরাজ করছে উত্তেজনা।
বিডিনিউজ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, জেলার নলগড়িয়া সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে। বিডিআর সূত্র জানায়, মঙ্গলবার দুজন বাংলাদেশী সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। এর মধ্যে আলাল নামে একজনকে বেদম প্রহার করে ছেড়ে দেয়। ইউনুস মিয়া নামে অপর একজনকে তারা গুলি করে হত্যা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধরে নিয়ে যাওয়ার পর কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ১নং রাইফেলস ব্যাটেলিয়ন ঘটনার নিন্দা জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে। ঘটনার পর থেকে আখাউড়া সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বুধবার ভোরে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির এরফান আলীর ছেলে সেলিম (১৮)। ৬ রাইফেলস ব্যাটেলিয়নের সদর দপ্তর সূত্র জানায়, সেলিম একজন ছাত্র। সে ভারতের আত্মীয় বাড়ি থেকে বেরিয়ে আসার পথে শিবগঞ্জের তেলকপি সীমান্তে কাটাতারের বেড়া থেকে ১৬৫ গজের ভেতরে ভারতীয় অংশে বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। বিডিআর ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি সীমান্তে বিএসএফের সীমান্ত আইন লংঘন করে জিরো লাইন ঘেঁসা রাস্তায় গাছ লাগানোকে কেন্দ্র করে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সেখানে ১৯ আগস্ট থেকে বিএসএফ গাছ লাগানোর জন্যে গর্ত খুঁড়তে শুরু করে। বিডিআর বাধা দিলে তখন কাজ বন্ধ রাখা হয়েছিল। সোমবার আবার গাছ লাগানোর জন্যে গর্ত খোঁড়া শুরু হয়। এসময় বিডিআর সদস্যরা বাধা দেন। পরে বিডিআর কড়া প্রতিবাদসহ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেয়। বিএসএফ এতে কোনও সাড়া না দিয়ে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্রসহ অতিরিক্ত লোকজন মোতায়েন করে। বিডিআর পাল্টা ব্যবস্থা নিলে বিএসএফ কাজ বন্ধ রাখে।
