২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়ার ভূমিকা সন্ত্রাসীদের চেয়ে কম নয়: নিজামী

জামায়াতে ইসলামী’র আমীর এবং শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বলেছেন, মিডিয়ার ভূমিকা সন্ত্রাসীদের চেয়ে কম নয়

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি আয়োজিত ‘মৌলবাদ, জঙ্গিবাদ ও ইসলাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোসাইটির সভাপতি মাওলানা আবদুস শহীদ নাসিমের সভাপতিত্বে এতে প্রবন্ধ উপস্থাপন করেন নুরুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব শাহ্ আবদুল হান্নান, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ এবং ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম খান।

শিল্পমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জামায়াতকে জড়ানোর জন্য আন্তর্জাতিক চক্র জড়িত যাদেরকে এ কাজে ব্যবহার করেছে তারা আলেম নাম ব্যবহার করে ইসলামী মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে।

তিনি বলেন, জামায়াত ইসলামের সাথে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। একটি বিশেষ মহল জামায়াতকে ঘায়েল করার জন্য জামায়তের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে তিনি নেতা কর্মীদের আহবান জানান।

তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত সে সব ইসলামী প্রতিষ্ঠান ঘোষণা দিয়ে, লিফলেট ছেড়ে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তারপরও জামায়াতকে দোষারোপ করা হচ্ছে।

জামায়তের আমীর বলেন, একটি পত্রিকা রিপোর্ট প্রকাশ করেছে যে দেশব্যাপি বোমা হামলার সাথে জড়িত সন্দেহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ৪০ ভাগ জামায়ত। এ খবরের বিন্দু মাত্র সততা নেই। এ ব্যপারে প্রতিবাদ করা হলে পত্রিকাটি প্রতিবাদটি এমন ভাবে ছেপেছে যা চোখে পড়ার মত নয়।