হতে পারে, না-ও হতে পারে: বিএনপি থেকে পদত্যাগ সম্পর্কে গয়েশ্বর রায়
বিএনপি’র যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় দল থেকে তার পদত্যাগের বিষয়টি নাকচ কিংবা স্বীকার কিছুই করেননি।
বিডিনিউজকে মঙ্গলবার রাতে দেওয়া এক সাক্ষাতৎকারে তিনি বলেন, রাজনীতিবিদের নামে এমন নামে নানা রকম গুজব রটতেই পারে। এবং এটি যে কোনও একজন রাজনীতিবিদের জীবনেই খুব স্বভাবিক। আমিও তার ব্যতিক্রম নই।
এ গুজব সত্যে পরিণত হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, হতে পারে আবার নাও হতে পারে। যদি এমন কিছু ঘটে, আপনারা জানতে পারবেন। জনগণকে অন্ধকারে রেখে আমি কিছু করবো না।
বিএনপির শীর্ষস্থানীয় এ নেতা আরও বলেন, আমি রাজনীতি করি, চাকুরি করি না। ভালবাসি বলেই দল করি-সংঘবদ্ধভাবে কাজ করার জন্যেই দল করি।
মন্ত্রীত্ব না থাকা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রীত্ব আমার কাছে কিছু না, এটাকে আমি একটি দ্বায়িত্ব হিসেবেই দেখি। আমিও মন্ত্রী ছিলাম, মন্ত্রীত্বে আমার কাছে অর্থনৈতিক বিষয়টি প্রাধান্য পায়নি।
২০০১ সালে নির্বাচনে জয়ী হয়ে চার দলীয় জোট ক্ষমতায় এসে বিশাল মন্ত্রীসভা গঠন করলেও গয়েশ্বরের অবস্থান ছিল ক্ষণস্থায়ী। পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদকের পদ থেকে তার অব্যাহতি আরও ক্ষোভের সঞ্চার করে।
সর্বশেষ গয়েশ্বর তার মেয়ের জন্যে মহিলা আসনে প্রার্থীতা চেয়ে ব্যর্থ হলে তার ক্ষোভ আরও বেড়ে যায়।
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজিবুল বশর মাইজভান্ডারী সোমবার দল থেকে পদত্যগ করেন। তিনি অভিযোগ করেন, জামাত সহিংস কর্মকাণ্ডে জড়িত এবং সরকার এ ব্যাপারে কোনও ব্যবস্থা নিতে পারছে না।
