চাঁপাইনবাবগঞ্জে গুলিসহ ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ওষুধ ব্যবসায়ী গ্রেফতার, এলাকায় ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ থেকে সিআইডি পুলিশ মঙ্গলবার দুই রাউন্ড গুলিসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে চারটি ওয়ান সুটার গান ও একটি পিস্তল।
পুলিশ জানায়, সকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসের হাট বাজারে অশোক কুমার শীলের ওষুধের দোকানের চালার নিচ থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, অস্ত্র উদ্ধার শেষে অশোককে আটক করে জেলা শহরে নিয়ে যাওয়ার সময় এলাকার কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষ পুলিশকে ঘেরাও করে। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে নিরীহ ওষুধ ব্যবসায়ী অশোক শীলকে ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খলিফা জানান, অস্ত্র উদ্ধারে ঘটনার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার প্রতিবাদে বিকেলে স্থানীয় ইউপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এতে স্থানীয় বিনোদপুর ইউনিয়নে চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
