কলেজ ছাত্র মোমিন হত্যাকাণ্ড, ওসি রফিককে রাজারবাগ পুলিশলাইনে যোগ দেওয়ার নোটিশ
মিরপুরের কলেজ ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যাকাণ্ডের এক নম্বর আসামি মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইনে কাজে যোগ দেওয়ার জন্যে নোটিশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার এসএম মিজানুর বিডিনিউজকে জানান, মঙ্গলবার বিকেলে এ নোটিশ দেওয়া হয়েছে।
‘নোটিশ পাওয়া মাত্রই তাকে রাজারবাগ পুলিশ লাইনে যোগ দিতে বলা হয়েছে,’ কমিশনার বলেন।
গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ কমিশনার আরও বলেন, ওসি রফিক পলাতক না। ক্লোজ হওয়ার পর অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ছুটিতে আছেন।
‘কাজে যোগ না দিলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি,’ বলেছেন ডিএমপির উর্ধ্বতন অন্য এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, জামিন নিশ্চিত না হয়ে ওসি রফিক আদালতে আত্মসমর্পণ করবে না।
এদিকে হত্যাকাণ্ডের পর ১৪ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন পক্ষপাতিত্ব করে ওসি রফিককে গ্রেপ্তার করেনি। উপরন্তু, নিহতের পরিবারকে নিয়মিত টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে। এ অভিযোগ নিহতের পরিবারের।
গ্রেপ্তার প্রসঙ্গে ডিএমপি সদর দপ্তরের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, প্রশাসনে উপর মহলের ওপর নির্ভর করছে রফিককে গ্রেপ্তার করা যাবে কি না।
পুলিশের একাধিক সূত্র জানায়, ওসি রফিক শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নিলেও তিনি হাসপাতালে ভর্তি হননি। বরং প্রভাবশালী আত্মীয়-স্বজনের বাসায় আত্মগোপন করে মামলার ব্যাপারে তদবির চালাচ্ছেন।
মিরপুর কমার্স কলেজের ছাত্র এবং ছাত্রলীগ নেতা মোমিনকে সন্ত্রাসীরা ১৩ সেপ্টেম্বর গুলি করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক ওসি রফিকসহ ২৬জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ওসি রফিককে ক্লোজ করেন। মোমিন হত্যাকাণ্ডের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে।
সর্বশেষ ২৫ সেপ্টেম্বর কিলিং স্কোয়াডের সদস্য জিয়া ও জুয়েলকে কাফরুল থেকে গ্রেপ্তার করে র্যাব-৪। এর আগে কিলিং স্কোয়াডের অপর সদস্য জনিকেও ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করে র্যাব। জনি ২২ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মোমিন হত্যাকাণ্ডের সঙ্গে ওসি রফিকের জড়িত থাকার কথা আদালতের কাছে সে জানায়।
গ্রেপ্তারকৃত জুয়েল এবং জিয়াও মোমিন হত্যাকাণ্ডের সঙ্গে ওসি রফিকের যোগসূত্রের কথা স্বীকার করে।
এ হত্যাকাণ্ডে রফিককে সাহায্য করে মিরপুরের শীর্ষ পলাতক সন্ত্রাসী তাজ। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জিয়া এ তথ্য জানায়।
