২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল সনদে ভর্তির চেষ্টা, ঢাকা পলিটেকনিকে ৫৬ জন চিহ্নিত

জাল সনদপত্র দেখিয়ে ভর্তি হতে আসা ৫৬ জন শিক্ষার্থীকে চিহ্নিত করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এদের মধ্যে তিনজনকে গত রোববার আটক করে তেজগাঁও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এরা হচ্ছে, মুন্সিগঞ্জের গজারিয়া থানার কাওসার আহমেদ, টাঙ্গাইলের মির্জাপুরের সুমন মিয়া এবং ময়মনসিংহের হালুয়াঘাটের তুষার আহমেদ রতন।

ইনস্টিটিউটের অধ্যক্ষ আজাহারুল ইসলাম বিডিনিউজকে জানান, ২০০৪ ও ২০০৫ সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম পর্বে ভর্তির জন্যে প্রায় পাঁচ হাজার আবেদন জমা পড়ে। মেধা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে এদের বাছাই পক্রিয়া চালানো হয়।

এ পর্যায়ে ২০০৫ সালে এসএসসি পাশ করাদের মধ্যে ৫৬ জনের সনদপত্র জাল হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া ২০০৪ সালের এসএসসি পাশ করা শিক্ষার্থীদের সনদপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে যাচাই-বাছাইয়ের জন্যে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, চলতি ২০০৫ সালেই প্রথম ইন্টারনেটে ফলাফল প্রকাশ হয়। ফলে এ বছর জালিয়াতির আশ্রয় নেয়া শিক্ষার্থীদের সনদপত্রগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। এর আগে ২০০৪ সালের ফলাফল সরাসরি প্রকাশিত হয়।

চলতি বছরই প্রথমবারের মতো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার পরিবর্তে মেধা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি শুরু হয়েছে।