২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমান বন্দরে বিমান ছাড়া অন্যান্য এয়ার লাইন্সের ফ্লাইট চলাচল করছে

বিমানের কর্মকর্তা কর্মচারিদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 01:21 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তবে অভ্যন্তরীন রুটের জিএমজি এয়ারলাইন্স ও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট আসা যাওয়া করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, ধর্মঘটের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ রুটের তিনটি ফাইটের আসা যাওয়া বাতিল হয়ে গেছে।

সকাল ৯.০৫ টায় আবুধাবি থেকে আসা বিজি ০২৮ এর ১৭৭ জন যাত্রীর ব্যাগেজ নামানো হয়নি। এ ফ্লাইটের চট্টগ্রামের ১০৯জন যাত্রী ব্যাগেজ না নিয়ে বিমান বন্দর ত্যাগ করলেও ৬৮ জন ট্রানজিট যাত্রী চট্টগ্রাম বিমান বন্দরের লাউঞ্জে আটকা পড়েছে। ফ্লাইটটি ১০.০৫ টায় চট্টগ্রাম বিমান বন্দর ত্যাগ করার কথা ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক এস এম ফরহাদ বিডিনিউজকে জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও বিমান থেকে যারা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে থাকে সে সব এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশের ফ্লাইট বন্ধ হওয়া ছাড়া চট্টগ্রাম বিমান বন্দরের অন্যান্য কাজকর্ম যথারীতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

জিএমজি এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে পাঁচটি ও কক্সবাজার রুটের দুটি ফ্লাইট আসা যাওয়া করেছে। নির্ধরিত ফ্লাইটের বাইরে জিএমজি চট্টগ্রাম থেকে অতিরিক্ত দুটি ফ্লাইট দিয়েছে।

বিমানের কর্মকর্তা কর্মচারিরা সকাল থেকে বিমান বন্দর ও ষোলশহর কার্যালয়ে ক্যাপ্টেন নাসিমের চাকুরিচূত্যির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে।