নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
নারায়ণগঞ্জে মঙ্গলবার ভোরে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম রুবেল। সে শহরের কানপুর এলাকার বেপারীপাড়ার অধিবাসী। সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে রুবেল তার অস্ত্রভাণ্ডার ও সহযোগীদের সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেপ্তার করতে পুলিশের একটি দল মঙ্গলবার তাকে নিয়ে অভিযানে বের হয়।
পুলিশের দলটি আল-সাবা হাউজিং কমপ্লেক্সের কাছে কাশিপুরে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রুবেলকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
গুলি বিনিময়ের এক পর্যায়ে রুবেল পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে রুবেলের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, বন্দুক যুদ্ধের সময় সন্ত্রাসীদের দলটি ৬০ রাউন্ডেরও বেশি গুলি বর্ষণ করে। অপরদিকে পুলিশের দলটি কমপক্ষে ৪০ রাউন্ড গুলি বর্ষণ করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান-শুটার-গান, একটি পিস্তল এবং তিন রাউন্ড বুলেট উদ্ধার করেছে।
