বিমানে বর্ধিত বেতন-ভাতা না দেওয়া হলে শিগগিরই সর্বাত্মক আন্দোলন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা-কর্মচারিদের বর্ধিত বেতন-ভাতা অবিলম্বে কার্যকর করা না হলে শিগগিরই সর্বাত্মক আন্দোলন হবে।
বিমান কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানের কয়েকটি সংগঠনের স্টিয়ারিং কমিটির এক বৈঠক থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে। সোমবারের বৈঠকে বিমানের পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মাহমুদুর রহমান।
বৈঠক সূত্র জানায়, বেতন-ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রতিশ্রুতি কবে নাগাদ বাস্তবায়িত হবে, স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে তা বিমান কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানতে চাওয়া হয়। একই সঙ্গে এতে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি ক্যাপ্টেন নাসিমের বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্তটি প্রত্যাহার করার দাবি জানানো হয়।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক পত্রে উচ্চ রক্তচাপের কারণে ক্যাপ্টেন নাসিমকে স্থায়ীভাবে গ্রাউন্ডেড করে। ২০০৪ সালেও একই কারণে সিভিল এভিয়েশন তাকে সাময়িকভাবে গ্রাউন্ডেড করেছিলো।
