২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প ধর্মঘট

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে অনিদিষ্টকালের জন্য তেল ক্রয় বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

দেশে বর্তমানে পেট্রোল পাম্পের সংখ্যা এক হাজার ৭০০। এরমধ্যে কয়েকটি আবার সরকারি।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমূল হক সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এতে উপস্থিত ছিলেন মহাসচিব মিজানুর রহমান রতন, যুগ্ন মহাসচিব জায়েদ আহমেদ তপন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, চট্টগ্রাম বিভাগের সভাপতি এহসানুর রহসান প্রমুখ।

নেতারা জানান, গত ৩১ আগস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জ্বালানি তেলের বিক্রয় কমিশন বৃদ্ধি, পরিবহন, মজুদ লীকেজ এবং পরিচালনা সংক্রান্ত ব্যয় প্রদান, ভেজাল ও কারচুপি রোধে মনিটরিং কমিটি গঠন এবং প্রত্যেক ডিপোতে টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, স্টেশন, বিপনন ও বিনিয়োগ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়ণসহ ১২ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারে কাছে আহ্বান জানানো হয়।

এই দাবি মেনে না নেওয়া হলে ২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল ক্রয়-বিক্রয় বন্ধ রাখা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছিলো। কিন্তু সরকার এখনো কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেন, গত আড়াই বছরে সরকারের সঙ্গে চারবার সমঝোতা চুক্তি স্বাক্ষর হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। তেল ব্যবসায়িরা জ্বালানি তেলের পরিচালনা ক্ষতি বাবদ তিন শতাংশ ও বিক্রয় কমিশন বাবদ পাঁচ শতাংশ করার দাবি জানান।

তবে সরকার পরিচালনা ব্যয় খাতে পাম্প স্টেশনের জন্য ৪৭ কোটি টাকা বরাদ্দ করে আসছে। বর্তমানে ডিজেলের জন্য দুই দশমিক ছয় শতাংশ ও অকটেনের জন্য এক দশমিক ৯৬ শতাংশ কমিশন দেওয়া হয়।

জরুরি সেবা প্রতিষ্ঠানে ধর্মঘটের অধিকার নিয়ে প্রশ্ন করা হলে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমূল হক বলেন, অধ্যাদেশে যা-ই থাকুক না কোনো তেল ক্রয়-বিক্রয়ে সাংবিধানিক অধিকার আমাদের রয়েছে। প্রয়োজনে আমরা সরকারের ওই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করব।

অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সরকার তেল সরবরাহে অঘোষিত রেশনিং ব্যবস্থা চালু করেছে।

জ্বালানি তেল পাচার প্রসঙ্গে অপর এক প্রশ্নে নাজমুল হক বলেন, বিশ্বের সব দেশে পেট্রোল পাম্প স্থাপনের নীতি রয়েছে। অথচ আমাদের দেশে এ ব্যাপারে কোনো নিয়ম-নীতি নেই।

তিনি প্রশ্ন রেখে বলেন, সীমান্তবর্তী অঞ্চলে এত পাম্প স্টেশন স্থাপনে অনুমতি সরকার কেনো দিয়েছে?

তিনি বলেন, চট্টগ্রাম বন্দর থেকে পাম্প স্টেশন পর্যন্ত সামগ্রিক পরিবহনে দীঘদিনের ধরে ভেজাল ও কারচুপি করা হয়।

এদিকে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন যুক্ত বিবৃতিতে ২৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল ক্রয় বিক্রয় বন্ধের সিদ্ধান্ত সর্মথন করেছেন।