সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে কোম্পানীগঞ্জে পান চাষের দুরবস্থা
সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও পান উৎপাদনের সাথে জড়িত উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পান চাষীরা হতাশ হয়ে পড়ছেন।
এ উপজেলার অনেকেই পান চাষের মাধ্যমে জীবন নির্বাহ করে থাকেন। এখানকার চরপার্বতী, চরহাজারী, মুছাপুর, রামপুর এবং সিরাজপুর ইউনিয়নের অনেক পরিবারই পান চাষের সঙ্গে জড়িত।
সরেজমিন দেখা গেছে, বাঁশ, খুঁটি, খৈল, পানের লতা, নতুন মাটির মত পান চাষের জন্য প্রয়োজনীয় উপকরণের দাম বেড়ে যাওয়ায় পান চাষীরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
অব্যাহতভাবে প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় পান চাষীরা পেশাত্যাগ করতে বাধ্য হচ্ছেন। যদিও পান চাষ অনেকেরই পৈত্রিক পেশা ছিল। পান চাষীদের সংখ্যা একদশকে দশ হাজার থেকে সাত হাজারে নেমে এসেছে।
সরকারের পক্ষ থেকে কোন ভর্তুকি না থাকায় পান চাষীরা সীমাহীন সমস্যার মুখোমুখি হচ্ছেন।
পান চাষী বিমল মজুমদার বিডিনিউজকে জানান, পান চাষের জন্য এক একর জমি প্রস্তুত করতে তাদেরকে ৯০,০০০ টাকা খরচ করতে হচ্ছে। অথচ আগে ৭০,০০০ টাকা খরচ করে এক একর জমিতে পান চাষ করা যেত।
পান চাষীরা জানিয়েছেন, সহজ শর্তে সরকার যদি তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে তাহলে তারা সহজেই এ পেশার সাথে থাকতে পারবে।
দেশে ও বিদেশে পানের ভাল বাজার রয়েছে। পান রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে উদার সহায়তা পেলে পান চাষীরা উন্নত মানের পান চাষ করতে পারে। মূলধনের অভাবে অনেকেই চাষ করতে পারছেন না। আর এ কারণেই দিনে দিনে পান চাষীদের দুর্ভোগ বাড়ছে।
