২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জসীম উদ্দীন হলে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি, ১২ ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হলে সংঘটিত সংঘর্ষ এবং জগন্নাথ হলে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে ছাত্রদলের ঢাবি শাখা রোববার দলের নয়জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ ঘটনায় আরও দু’জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং অপর একজনের পদ স্থগিত করা হয়েছে।

জসীম উদ্দীন হলের ঘটনায় বহিষ্কৃতরা হচ্ছে, সাঈদ আহমেদ সাঈদ, দেলোয়ার হোসেন, জাফর আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মেহেদী হাসান রোমেল, আহমেদ কতুবউদ্দিন কুতুব এবং মইনুল হোসেন। অপরদিকে জগন্নাথ হলের ঘটনায় কিরিট মজুমদার এবং সাগর বিশ্বাসকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্রদলের জসীম উদ্দীন শাখার সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের পদ স্থগিত করা হয়েছে। কারণ দর্শানো নোটিশপ্রাপ্তরা হচ্ছে, এমএ তুহিন এবং হেলাল উদ্দিন হেলাল।

রোববার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শনিবার রাত সোয়া ১১টার দিকে জসীম উদ্দীন হলের ৫২৫ নম্বর কক্ষে এক ছাত্রকে তোলা নিয়ে হল শাখার সভাপতি রিপন এবং সাধারণ সম্পাদক মাসুদের নেতৃত্বাধীন গ্রুপ এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিরের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষে মিল্টন, মনির, সায়ীদ, ওয়াহিদ, মুশতাক, শিবলি, ফয়সাল, রাসেল, তুহিন, খালেক, ফিরোজসহ আরো অনেকে আহত হয়।

সংঘর্ষের সময় উভয় গ্রুপের কর্মীরা লাঠি সোটা ও লোহার রড নিয়ে হলের প্রায় ৩৫টি কক্ষে ব্যাপক ভাংচুর চালায়।

অপর এক ঘটনায়, জগন্নাথ হলে শনিবার বিকেলে একটি সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের একদল নেতাকর্মী হলের সাবেক পাঁচ প্রাধ্যক্ষ ও চারজন কর্মচারিকে মারধর করে, টিভি রুম ভাংচুর করে এবং অনুষ্ঠানের আগত অতিথিদের লাঞ্ছিত করে।

বৈঠক শেষে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন বলেন, এ ঘটনার পেছলে অসৎ কোনও উদ্দেশ্য ছিল। তিনি বলেন, সংগঠনের শৃৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এ সিদ্ধান্তে বহিষ্কৃতরা আরও ক্ষিপ্ত হয়ে আছে। এজন্যে আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ ছাত্ররা।

জসীম উদ্দীন হলের এ ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান রোববার হাউস টিউটরদের সাথে ঘন্টাখানেক বৈঠকের পর হাউজ টিউটর ড. নাসির উদ্দিন মুন্সীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।