জসিমউদ্দিন হলে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন হলে শনিবার রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ মাহবুবুর রহমান রোববার হাউস টিউটরদের সাথে ঘন্টাখানেক বৈঠকের পর ড. নাসির উদ্দিন মুন্সীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেন। ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শনিবার রাতের ওই ঘটনায় কমপেক্ষ ২০ জন আহত হয়। ঘটনার পর থেকে বিভিন্ন হলসহ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে শনিবারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরসহ গ্রেপ্তারকৃত ১১ জনকে রোববার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে বলে রমনা থানা পুলিশ জানিয়েছে। ঘটনার পর রাতে মনির, আব্বাস, রেজা, রোমেল এবং মেহেদিসহ ১১ জনকে ধরে নিয়ে যায় পুলিশ।
হল সূত্রে জানা যায়, রাত ১১ টায় আমিরুল নামে প্রথম বর্ষের এক ছাত্রকে হলের ৫২৫ নম্বর কক্ষে উঠানোকে কেন্দ্র করে হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মনির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তুহিন গ্রুপের ছেলেরা মনিরের ৪২৩ নম্বর কক্ষে গিয়ে তাকে মারধর করে। এ ঘটনার পর মনির গ্রুপের ছেলেরাও মাঠে নামলে দু’গ্রুপের মধ্যে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের ছেলেরা এ সময় লোহার রড ও লাঠিসোটা নিয়ে পরষ্পরের কক্ষ ভাংচুর করে। হলের উত্তর ব্লকের অর্ধ শতাধিক কক্ষ ভাংচুর করা হয়।
সংঘর্ষে মিল্টন, মনির, সায়ীদ, ওয়াহিদ, মুশতাক, শিবলি, ফয়সাল, রাসেল, তুহিন, খালেক, ফিরোজসহ আরো অনেকে আহত হয়।
এ সময় উভয় গ্রুপের কর্মীরা হলে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার পর আশপাশের হলগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জসিমউদ্দিন হলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যারয়ের প্রোক্টর আ কা ফিরোজ বিডিনিউজকে বলেন, জসীমউদ্দিন হলের ওই ঘটনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ প্রভোষ্ট কমিটির একটি বৈঠক করবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি নষ্ট করার অধিকার কারো নেই। এটা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিপন্থী।
ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন বলেছেন, যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সংগঠন থেকে বহিস্কার করা হবে। এদিকে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় জড়িত অভিযোগে সাতজনতে বহিস্কার করা হতে পারে।
