চট্টগ্রামে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকরি মেলা
চট্টগ্রামে ৩ অক্টোবর সোমবার মুরাদপুরের ষোলশহরের উডল্যান্ড পার্ক কমিউনিটি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা, ২০০৫।
একটি মাত্র আবেদনের ভিত্তিতে ১৩টি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সুযোগ থাকছে এই মেলায়।
মেলাটির আয়োজক সংস্থা ওয়েলকাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আলী বিডিনিউজকে বলেন, চট্টগ্রামের চাকরি প্রার্থী ও চাকরিদাতাদের সময় সাশ্রয় এবং আর্থিক সুবিধার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।
আয়োজক সংস্থা সূত্র জানায়, মাত্র ২০০ টাকার ফি দিয়ে অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সদ্য উত্তীর্ণ অনার্স কিংবা মাস্টার্স প্রার্থীদের আবেদনের সুযোগ থাকছে মেলায়। এছাড়া সিভিল,ক্যামিকেল, মেকানিকাল ও ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়াররাও আবেদন করতে পারবে।
মেলায় অংশগ্রহণের শর্ত হিসেবে প্রথমেই আবেদনকারীদের পরীক্ষা দিতে হবে আয়োজক কর্তৃপক্ষের কাছে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবলমাত্র আবেদনকারীরা মেলায় অংশগ্রহণকারী চাকরিদাতাদের মুখোমুখি হতে পারবেন।
১৮ সেপ্টেম্বর থেকে ওয়েলকাম ইন্টারন্যাশনালের দামপাড়ার ৩৬০ সিডিএ এভিনিউয়ের কার্যালয়ে আবেদনকারীদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে এই সুযোগ।
মেলায় ১৩টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে: নাভানা গ্রুপ, মোস্তফা গ্রুপ, সানমার গ্রুপ, টিকে গ্রুপ, এইচআরসি গ্রুপ, এমএম ইস্পাহানি লিমিটেড, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কেডিএস এক্সসরিস, সানমার প্রপার্টিজ লিমিটেড, ইয়ংওয়ান গ্রুপ, কেডিএস গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলস, রিজেন্সি গার্মেন্টস অ্যান্ড বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস।
