২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২০২১ সালের মধ্যে জাতীয় লক্ষ্য অর্জনে সমন্বিত প্রয়াস প্রয়োজন’

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, দেশের প্রবৃদ্ধির হার বাড়ানোর জন্য সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক, নিরাপত্তা, বৈদেশিক, কূটনৈতিকসহ সবগুলো খাতের সমন্বয় সাধন প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিআই) সূচিত ‘ভিশন ২০২১-সমৃদ্ধির পথে’ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার তিনি একথা বলেন।

২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তির মধ্যেই যেন দেশের জনগণের মাথাপিছু আয় ১০০০ মার্কিন ডলারে উন্নীত হয়, এ লক্ষ্যে তিনি দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, যেহেতু দেশের প্রধান দু’টি রাজনৈতিক দলের ইশতেহার প্রায় একই রকম, কাজেই দেশের অর্থনীতির উন্নয়নে একটি সমন্বিত অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করা খুব একটা কঠিন হবে না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বানিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বানিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

বানিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, স্বল্প উন্নত একটি দেশ থেকে বাংলাদেশকে মধ্যম পর্যায়ের একটি দেশে পরিণত করতে শিগগিরই একটি জাতীয় কমিটি গঠিন করা হবে।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, এমন লক্ষ্য বাস্তবায়নের জন্য সবার সততা প্রয়োজন।

ড. আব্দুল মঈন খান বলেন, ২০২১ সালের মধ্যে মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা আমাদের এক হাজার নয় বরং পাঁচ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা উচিত।

তিনি বলেন, আমরা যদি আমাদের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা এক হাজার ডলার নির্ধারণ করি, তাহলে অনেক স্বল্প উন্নত দেশই আমাদের অতিক্রম করে যাবে। কাজেই আমাদের লক্ষ্যমাত্রা বাড়ানো উচিত।

ডিসিসিআই সহ সভাপতি মামুন উর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।