২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মানি বৃদ্ধি ও বরাদ্দ দ্বিগুণ করতে মন্ত্রীর কাছে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানদের দাবি

বিভিন্ন জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানরা সকল নির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানি বৃদ্ধি এবং শ্রেষ্ঠ চেয়ারম্যানদের অনুকূলে দ্বিগুণ বরাদ্দ দেওয়ার জন্যে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) রোববার ২০০৩ ও ২০০৪ সালের জন্যে জেলাভিত্তিক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যানদের পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার কাছে চেয়ারম্যানরা এ দাবি জানান।

মন্ত্রী পর্যায়ক্রমে এ সকল দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

এসময় এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব এএইচএম আবুল কাসেম, এনআইএলজির মহাপরিচালক শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

ওই দুই বছরে ৪ হাজার ৪৮৮ জন ইউপি চেয়ারম্যানের মধ্যে ৬৬ জনকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক ও সনদ দেওয়া হয়।

শ্রেষ্ঠ চেয়ারম্যানদের মধ্যে রয়েছেন, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, খুলনা বিভাগে আট জন, বরিশাল বিভাগে সাত জন এবং সিলেট বিভাগে পাঁচজন।

অনুষ্ঠানে যোগ দেওয়া চেয়ারম্যানরা তাদের পরিচয়পত্র প্রদান, শ্রেষ্ঠ চেয়ারম্যানদের অনুকূলে বরাদ্দ দ্বিগুণ করা এবং শিক্ষা সফরের আয়োজনসহ বিভিন্ন দাবি তুলে ধরে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আব্দুল মান্নান ভূঁইয়া চেয়ারম্যানদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অন্যরাও যখন শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তখনই আপনাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার ইউনিয়ন পরিষদের সহায়ক সংগঠন হিসেবে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি সমন্বয়ে ৪০ হাজার ৩৯২টি প্রতিনিধিত্বশীল গ্রাম সরকার গঠন করেছে। এ বছরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রথম ইউপি চেয়ারম্যানদের জন্যে সরাসরি দুই লাখ টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে।