২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৩৬ জনের প্রাণহানির আশংকা

বঙ্গোপসাগরে ঝড়ে পিরোজপুরের ছয়টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 03:53 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এসব ট্রলারে ৬০ জন জেলে ও মাঝির মধ্যে ২৪ জন জেলে তিন দিন সাগরে ভেসে থাকার পর অন্য ট্রলারের সাহায্যে পাড়ের হাট মৎস্য বন্দরে ফিরে এলেও বাকি ৩৬ জন জেলের এখন পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। ফিরে আসা জেলেরা রোববার এ তথ্য জানান।

তারা আরো জানান, এসব জেলের সলিল সমাধি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়া বাংলাদেশী এফবি ৮৬ ট্রলারের ১১ জেলে ও মাঝি-মাল্লা ভারতীয় পুলিশ হেফাজত থেকে এখনও পিরোজপুরে ফিরে আসেনি। ঝড়ের কবলে পড়ে এ ট্রলারটি ভারতীয় জলসীমানায় ঢুকে পড়লে ১৭ সেপ্টেম্বর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা তাদের নিয়ে হিমুলগঞ্জ ও দীঘা থানা পুলিশের হেফাজতে দেয়।

বঙ্গোপসাগরে ১৭ সেপ্টেম্বরের ঝড়ে পিরোজপুরের পাড়ের হাটের মৎস্য ব্যবসায়ী মাহবুব আড়ৎদারের তিনটি ট্রলার এফবি আবুল বরকত, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির কাছ থেকে লিজ নেয়া এফবি ২৪ ও এফবি ৪৮, মালেক পশারীব এফবি সোবাহান শাহ, ভাণ্ডারিয়ার চরখালী এলাকার ইকবাল হোসেনের এফবি নয়ন এবং কাউখালীর সয়না গ্রামের বিমল দাশের এফবি উৎসব ট্রলার ডুবে যায়।

ডুবে যাওয়া আবুল বরকত ট্রলারের মাঝি পিরোজপুরের জুজখোলা গ্রামের আবুল কালাম এবং এফবি ২৪ এর মাঝি সুজিত কুমার জানান, ট্রলারগুলোতে কমপক্ষে ৬০ জন জেলে ও মাঝি ছিলো।