কক্সবাজারে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ
ফুটবল ম্যাচকে কেন্দ্র করে কক্সবাজারে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে। এরা হলেন, জেদ্দা আওয়ামীলীগের সাবেক নেতা সোনা আলী এবং তার দু’পুত্র।
এদিকে রুমালিয়া ছড়া এলাকায় শুক্রবার অনুষ্ঠিত ফুটবল ম্যাচে জয় পরাজয়কে কেন্দ্র করে এ সংঘর্ষের পর দু’পক্ষ এখনও মারমুখো অবস্থায় রয়েছে।
ইতোমধ্যে সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় দু’পক্ষই এজাহার দায়ের করলেও গুরুতর আহত হাফেজ আহমদের দায়ের করা এজাহার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। রোববার যাদের আদালতে পাঠানো হয়, তাদের এ মামলায়ই গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় একাধিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে স্থানীয় সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাইমুম সংসদ ও রুমালিয়ার ছড়া রায়হান একাদশের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে রায়হান একাদশ হেরে যায়। ওই ম্যাচে রেফারি ছিলেন সাইমুম সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রুহুল আমিন। প্রতিপক্ষ রায়হান একাদশের কর্মকর্তা ও সমর্থকরা তাদের হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ তুলে ম্যাচের রেফারি ও সাইমুম সংসদের কর্মকর্তা ও খেলোয়াড়দের ওপর হামলা চালায়। প্রতিপক্ষও পাল্টা আক্রমন চালায়। এক সময় এ সংঘর্ষ প্রধান সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।
প্রথম দিন ঘটনা প্রশমিত হলেও পরদিন শনিবার সকাল ১০টার দিকে রায়হান একাদশের রায়হান, তার ভাই হামিদের নেতৃত্বে এক দল তরুণ ম্যাচের রেফারি রুহুল আমিনের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে হাসপাতালে থাকা আমিনের আত্মীয় স্বজনরা ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এসময় পুলিশের উপস্থিতিতে উত্তপ্ত অবস্থা সামাল দেয়া গেছে বলে স্থানীয় সাধারণ মানুষ জানিয়েছেন। স্থানীয় অধিবাসীদের মতে এখনও এলাকায় থমথমে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
