জাবি শিক্ষকের স্থায়ী অপসারণ দাবি: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন বিভাগের এক শিক্ষককে স্থায়ী অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের চাপে শনিবার সিন্ডিকেট ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
বিকেল ৫টায় কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সভা সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন, ডীন আমীন মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক শরিফুল ইসলাম এবং কামরুল আহসান।
অন্যদিকে বিভাগের ছাত্রছাত্রীরা ওই শিক্ষকের অপসারণের দাবিতে অনড় রয়েছে। বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী শনিবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে এবং সিন্ডিকেট সভা এক ঘন্টা ঘেরাও করে রাখে। পরে তারা উপাচার্যের কাছে দ্বিতীয় বারের মতো স্মারকলিপি পেশ করে। অনৈতিক, অশোভন ও হয়রানিমূলক আচরণের অভিযোগে বুধবার তারা ওই শিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলন শুরু করে।
বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন বিভাগের ১০ জন শিক্ষক এক সভায় মিলিত হন। সভায় শিক্ষক তানভীর আহমদ সিদ্দিকীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে উপাচার্যের কাছে দাবি জানানো হয়।
ছাত্রছাত্রী ও শিক্ষকদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের আদেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন বিশ্ববিদ্যালয় কর্মচারি দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০ (ক) (২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করেন।
