২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াদিল্লিতে সোমবার থেকে বিডিআর-বিএসএফ আলোচনা শুরু

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সিমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আগামী সোমবার নয়াদিল্লিতে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

বৈঠকে বিডিআর’র মহাপরিচালক এমডি জাহাঙ্গীর আলম চৌধুরী ১৯ সদস্যের বাংলাদেশী প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেবেন বিএসএফ’র মহাপরিচালক আরএস মোশাহারি।

এ সময়ে সীমান্তে বেড়া নির্মাণ, বাংলাদশের অভ্যন্তরে ভারতীয় নাগরিকের পুশ ইন, সন্ত্রাসীদের আশ্রয়দান এবং নদী ভাঙ্গন ঠেকাতে নদীতে বালুর বস্তা ফেলা ও কংক্রিটের ব্লক নির্মাণসহ বহল আলোচিত অন্যান্য বিতর্কিত ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

উভয় দেশের মধ্য স্বাক্ষরিত ১৯৭৫ সালের সীমানা চুক্তি বহির্ভুত বিধায় বাংলাদেশ জিরো পয়েন্টের ১৫০ গজের ভিতরে বেড়া নির্মাণের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে। চুক্তিতে বলা হয়েছে কোনও দেশ সীমান্তের ওই দূরত্বের মধ্যে বেড়া নির্মাণ করতে পারবে না।

সম্প্রতি চাপাইনবাবগঞ্জ এবং আখাউড়া সীমান্তে বিডিআর ও বিএসএফ’র মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চলতি বছরের ১৬ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ বৈঠক শেষে বিএসএফ জানিয়েছিল তারা জিরো পয়েন্টের ১৫০ গজের ভিতরে ও বাইরে কাঁটা তারের বেড়া নির্মাণ অব্যাহত রাখবে। তবে এ ব্যপারে বিডিআরের সাথে তাদের একটি সমঝোতা হয়েছে যে বেড়া নির্মাণের আগে তাদেরকে অবহিত করা হবে।

চারদিন ব্যাপী বিডিআর-বিএসএফ’র ওই বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোাশাহারি বলেছিলেন, গত ২০ বছর ধরে অব্যাহত ভাবে বেড়া নির্মাণের কাজ চলছে। আমরা এটাকে আক্রমণাত্মক কিংবা রক্ষনাত্মক হিসেবে বিবেচনা করি না।

তিনি বলেছিলেন, ভারত জিরো লাইনের ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণের কাজ অব্যাহত রাখবে। তবে সীমান্ত দিয়ে যাতে কোনও অবৈধ কার্যকলাপ না ঘটতে পারে সৈজন্য এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কিন্তু ওই সময়ে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল বিএসএফ যদি ১৫০ গজের মধ্যে কাঁটা তারের বেড়া নির্মাণ করতে চায় তাহলে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করতে হবে।

বিডিআর’র মহাপচিালক মেজর জেনারেল এমডি জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, এ ব্যপারে আমাদের বক্তব্য পরিস্কার। বেড়া নির্মাণ নিয়ে তাদের কোনও বক্তব্য থাকলে তাদেরকে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সাথে যোগাযোগ করতে হবে।

এপ্রিলের বৈঠকের পর বিডিআর ও বিএসএফ’র মধ্যে একটি যৌথ বিবৃতি সাক্ষরিত হলেও ভারতীয় পক্ষ কূটনৈতিক পর্যাযে বেড়া নির্মাণ ইস্যু উত্থাপন করতে অস্বীকৃতি জানায় এবং সীমান্ত নিরাপত্তা সেক্টর কমাণ্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে তা সমাধানে আগ্রহ প্রকাশ করে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নটবর সিংয়ের বাংলাদেশ সফরের পর নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং মাধবপুর ও মৌলভীবাজরে র‌্যাবের অভিযানের পর উভয় দেশের মধ্যে বিরূপ সম্পর্কের বরফ গলতে শুরু করে।

আসন্ন আলোচনার ব্যাপারে এক বিডিআর সদস্য আশা প্রকাশ করেন এ বারের আলোচনায় ইতিবাচক অগ্রগতি ঘটবে।