২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রসফায়ার’ ও অন্যান্য অপরাধের ৯২টি ঘটনায় র‌্যাবের নির্বাহী তদন্ত সম্পন্ন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের দ্বারা সংঘটিত তথা কথিত ‘ক্রসফায়ার’ এবং অন্যান্য ‘অপরাধমুলক’ মোট ১১০টি ঘটনার মধ্যে ৯২টির নির্বাহী তদন্ত সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিয়মিত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে একথা জানানো হয়।

এর আগে ১২ মে আইন শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে র‌্যাবের হাতে সংঘটিত প্রত্যেকটি ঘটনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নির্বাহী তদন্ত পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সন্দেহভাজন মহিলা অপরাধীদের প্রতিহত এবং খুঁজে বের করতে র‌্যাবের প্রতি ব্যাটালিয়নে অন্তত ১০ জন মহিলা আনসার নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে র‌্যাবের অবস্থান, যোগাযোগ ও অভিযান সম্পর্কিত কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়। র‌্যাবের এয়ার উইং আরও শক্তিশালী করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

র‌্যাব সূত্র বিডিনিউজকে জানায়, সারাদেশের ভয়ঙ্কর সন্ত্রাসীদের গ্রেফতার করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী র‌্যাব কর্মকর্তাদের গোয়েন্দা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

তিন ঘন্টাব্যাপী এ বৈঠকে লুৎফুজ্জামান বাবর সার্ক শীর্ষ সম্মেলন, পূজা, ও ঈদ উৎসবে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, এবার সারা দেশে প্রায় ১৯ হাজার পূজা মণ্ডপ স্থাপন করা হবে যা গত বছরের চেয়ে এক হাজার বেশি।

পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

র‌্যাব সূত্র জানায়, পূজা ও ঈদের সময় নগরীর মার্কেটগুলোতে চাঁদাবাজি রোধ করতে মার্কেটগুলোর একটি তালিকা তৈরি করা হয়েছে।

২০০৪ সালের ২৬ মার্চ কাজ শুরু করার পর থেকে র‌্যাবের সফলতা সম্পর্কে বৈঠকে বলা হয়, নবগঠিত র‌্যাব-৩সহ র‌্যাবের ১০টি ব্যাটালিয়ন এ পর্যন্ত ১,২১৩টি বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড, ২১ কিলোগ্রাম হেরোইন, ৪১১ কিলোগ্রাম হাশিশ এবং এক লাখের বেশি ফেনসিডিলের বোতল উদ্ধার করেছে।

বৈঠক সূত্র জানায়, মাদক অপরাধ রোধ করতে মন্ত্রী র‌্যাবকে বস্তিগুলোতে মাদক বিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সূত্র আরও জানায়, উৎসব উপলক্ষ্যে যাতে কোনও ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে সেজন্য নাইট কোচ ও কাভার্ড ভ্যানগুলোর ওপর সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অতি অল্প সময়ের মধ্যে তরুণ অপরাধীদের তালিকা তৈরির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পুলিশের আইজি আনোয়ারুল ইকবাল, র‌্যাবের কমান্ডিং অফিসার ও কোম্পানি কমান্ডারগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।