র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে ৬ জন গ্রেফতার
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে বৃহস্পতিবার র্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছে।
ছয়জনের দলটি স্থানীয় একজন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করছে এমন খবর পেয়ে র্যাব তাদের গ্রেফতার করে। তবে র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর জাহিদ বলেছেন, বিষয়টি এখনো পরিস্কার নয়।
র্যাব সদর দপ্তরের একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, র্যাব-১০ এর সদস্যরা ওই ছয়জনকে ধরে এনেছে। তারা শনির আখড়া এলাকার ঠিকাদার জাহাঙ্গিরের কাছে চাঁদা দাবি করেছিলো বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে একজন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেপাই বলে পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানাতে র্যাব অস্বিকৃতি জানায়। এদের জিজ্ঞাসাবাদ চলছে বলে র্যাব সূত্র জানায়।
তবে র্যাব কর্মকর্তারা বলেছেন, জাহাঙ্গীর নামের ওই অভিযোগকারী ঠিকাদার একজন আদম ব্যাবসায়ী। ধারনা করা হচ্ছে গ্রেফতারকৃতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে এখন তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
তারা আরও বলেন, জাহাঙ্গীর এবং আটককৃতরা সকলেই চাঁদপুরের কচুয়ার লোক এবং তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে আগে থেকেই ঝামেলা ছিলো।
র্যাব-১০ এক কর্মকর্তা বলেন, আমরা ঘটনাটি পরীক্ষা করে দেখছি। জাহাঙ্গীর দোষী সাব্যস্ত হলে নির্দোষ লোকদের হেনস্ত করা এবং র্যাবের অবমাননার জন্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
