জাবিতে অনৈতিক ও হয়রানিমূলক আচরণের অভিযোগে শিক্ষকের পদত্যাগ দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক ও হয়রানিমূলক আচরণের অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানিয়েছে বিভাগের ছাত্রছাত্রীরা।
বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের শিক্ষর্থীরা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তানভীর আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে পরীক্ষায় নম্বর বন্টনে অনিয়ম, ছাত্রীদের প্রতি যৌন হয়রানিমূলক অশ্লীল ইঙ্গিত প্রদান, তার অনৈতিক নির্দেশ না মানলে হুমকি দেওয়া, অসৌজন্যমূলক ব্যবহারসহ বিভিন্ন ধরণের হয়রানির অভিযোগ আনেন।
সম্মেলনে শিক্ষার্থীরা ঘোষণা করেন, তানভীর আহমেদ সিদ্দিকীর অপসারণের দাবিতে ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার মৌন মিছিল, উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ এবং বিভাগের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে। এছাড়াও শনিবার থেকে সোমবার পর্যন্ত ৩ দিন ক্লাশ ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মানা না হলে সোমবার কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে সংবাদ সম্মেলনে ছাত্রছাত্রীরা উল্লেখ করেন।
