সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক থেকে সেবা নিচ্ছে বছরে ১২ লাখ মহিলা
সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক থেকে নামমাত্র মূল্যে প্রতি বছর ১২ লাখেরও বেশি মহিলা সেবা গ্রহণ করে থাকে।
ইউএসএইডের অর্থায়নে এনজিও সার্ভিস ডেলিভারি প্রোগ্রাম (এনএসডিপি) পরিচালিত মোট ৩১৮ টি সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিকে স্বল্প খরচে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ কাজে আট হাজার স্যাটেলাইট ক্লিনিক ও সাত হাজার কমিউনিটি স্বাস্থ্য কর্মী নিয়োজিত আছে।
এনএসডিপি বুধবার থেকে ‘এনেছি সূর্যের হাসি’ শীর্ষক একটি ধারাবাহিক টেলিভিশন নাটক শুরু করেছে।
তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম হোটেল শেরাটনে ২৬ পর্বের এ নাটকের প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশ বেশ কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য খাতে উন্নতি করেছে। তথ্যমন্ত্রী স্বল্প খরচে যথার্থ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করার জন্য সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান, তথ্যসচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আকমল হোসেন আজাদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. খন্দকার রাশেদুল হক এবং ইউএসএইডের মিশন ডিরেক্টর গিনি জর্জ ও জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের টিম লিডার টিম লিন গরটন।
