কক্সবাজার উপকূলে অর্ধশতাধিক ট্রলার ডুবি, সহাস্রাধিক জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে প্রচন্ড ঢেউ ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে সাগরে নিখোঁজ হয়ে যাওয়া কক্সবাজার উপকূলীয় এলাকার শতাধিক মাছ ধরার ট্রলারের মধ্যে গত ১৪ ঘন্টায় আরো অর্ধশতাধিক ট্রলার কূলে ফিরে এসেছে।
জীবন রক্ষা করে নিরাপদে ঘরে ফিরেছে সহস্রাধিক মাঝি মাল্লা। তবে এখনো নিখোঁজ রয়েছে সহস্রাধিক মাঝি মাল্লা ও অর্ধশতাধিক ফিশিং ট্রলার।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নিখোঁজ মাঝি মাল্লাদের পরিবার ও ফিশিং ট্রলারের মালিকদের মধ্যে এখন হাহাকার চলছে। ট্রলার মালিকরা দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় টেলিফোনে তাদের নিখোঁজ ট্রলারের খোঁজখবর নিচ্ছেন।
মঙ্গলবার সকালে ১০টির মতো ফিশিং ট্রলার নিখোঁজ ট্রলার ও মাঝিমাল্লাদের খুঁজতে বঙ্গোপসাগরে গেছে। কূলে ফিরে আসা কয়েকটি ট্রলার আরো ১০ জন সাগরে ভাসমান মাঝি মাল্লাকে উদ্ধার করে উপকূলে নিয়ে এসেছে। এ নিয়ে উদ্ধার পাওয়া মাঝি মাল্লাদের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে।
শনিবার সাগরে প্রবল ঝড়ো হাওয়ায় ওই সব ট্রলার দুর্যোগের শিকার হলেও উপকূলের মানুষ তা জানতে পারে দু’দিন পর সোমবার।
এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপ ও স্থানীয় আবহাওয়া অফিসের তিন নম্বর সতর্ক সংকেত থাকা সত্বেও উপকূলীয় এলাকার প্রায় দেড় শতাধিক মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে কয়েকদিন আগে মাছ ধরতে যায়।
ওই অবস্থায় নিখোঁজ ট্রালারগুলোর ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে জানা না গেলেও অনেকেরই সলিল সমাধি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। উপকূলে ফিরে আসা একাধিক মাঝি মাল্লার সাথে কথা বলে জানা গেছে, তারা কূলে ফেরার পথে সাগরে ৪০ থেকে ৫০টি ফিশিং ট্রলারকে উল্টানো ও ভাসমান অবস্থায় দেখতে পেয়েছেন।
জানা গেছে, উত্তর নূনিয়া ছড়ার মোহাম্মদ মিয়ার মালিকানাধীন একটি ফিশিং ট্রলার, নতুন বাহারছড়া ছয় নম্বর ঘাট এলাকার টিপু ও কাইয়ুম সওদাগরের মালিকানাধীন দুটি ও শহরের পেশকার পাড়া এলাকার ফরিদ আহমদের মালিকানাধীন একটি, মহেশখালীর মোহাম্মদ হাশিমের একটি ও কায়সার সওদাগরের একটি ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে।
টিপুর মালিকানাধীন ট্রলারের মাঝি ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। কাইয়ুম সওদারের মালিকানাধীন ট্রলারের সকলেই উদ্ধার হলেও ফরিদ আহমদের মালিকানাধীন ট্রলারের সকল মাঝি মাল্লাই নিখোঁজ রয়েছে। নুনিয়াছড়ার শামসুল আলম প্রকাশ শামসু বহদ্দারের তিনটি ট্রলার এখনো নিখোঁজ রয়েছে। সাগরে নিমজ্জিত মহেশখালীর মোহাম্মদ হাশিমের মালিকানাধীন এফবি পারভিন মুন্নী নামের ১১ জন মাঝি মাল্লা ফিরে এলেও চারজন এখনো নিখোঁজ রয়েছে।
বঙ্গোপসাগর ও কক্সবাজার উপকূলীয় এলাকায় এখনো ৩নং সতর্ক সংকেত রাখা হয়েছে। কক্সবাজার শহরে বর্তমানে গুড়ি গুড়ি বৃষ্ঠি হচ্ছে। সকালের দিকে রোদ থাকলেও সকাল ১১টার পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে।
দুর্যোগ পাড়ি দিয়ে আসা মাঝি আবদুল খালেক বিডিনিউজকে জানান, তিনি ২৬ বছরের জেলে জীবনে এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন কখনই হননি। তার মতে, শনিবার রাতে যেভাবে ঝড়ো হাওয়া শুরু হয়, তাতে পুরো সমুদ্রে ধোঁয়াশার সৃষ্টি হয়।
এদিকে নিখোঁজ ট্রলারের মালিক ও মাঝি মাল্লাদের পরিবারের লোকজন সাগর উপকূল ও বাঁকখালী নদীর উপকূলে ভিড় জমিয়েছে। কোনো ফিশিং ট্রলার ফিরে আসলেই নিখোঁজদের সন্ধানে আত্মীয়স্বজনরা খবরাখবর নিচ্ছেন। অনেক পরিবারে চলছে কান্নার রোল।
