আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি : শিক্ষা মন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক বলেছেন, উন্নয়ন প্রক্রিয়ার সাথে পরিবেশকে সম্পৃক্ত না করলে তা কখনও টেকসই হয় না।
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি।
সোমবার রাজধানীতে ইসলামিক এডুকেশন সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) যৌথ উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক চার দিনব্যাপী আঞ্চলিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, ইরান ও মালয়েশিয়ার প্রতিনিধি অংশ নিচ্ছেন।
বিশ্বায়নের প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক প্রটোকলে বাংলাদেশের সম্মতির কথা পুনর্ব্যক্ত করে শিক্ষা মন্ত্রী বলেন, তৃতীয় বিশ্বের দেশ হিসাবে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। তিনি এ বিষয়ে বিশ্বজনমত সৃষ্টি এবং ধনী দেশসমূহের আন্তরিক প্রয়াস অপরিহার্য বলে মত প্রকাশ করেন।
ড. ফারুক বলেন, জনসংখ্যার ব্যাপক বৃদ্ধিতে জীবনধারণের প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কারণে এবং রাসায়নিকের প্রতিক্রিয়ায় বিশ্বের পরিবেশ আজ হুমকির মুখে। এতে মূল্যবান প্রজাতির জীবকূলের অস্তিত্ব বিপন্ন। একটি সবুজ ও সতেজ পৃথিবীর জন্য পরিবেশ সচেতনতা ও কার্যকর নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়, তার যথাযথ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব আনম বজলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমএ বাশার বক্তব্য রাখেন।
