২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ভারতীয় পানি সম্পদ মন্ত্রী: পানি সমস্যার সমাধানে আশাবাদ

যৌথ নদী কমিশনের ৩৬তম বৈঠকে (জেআরসি) যোগ দেওয়ার জন্যে ভারতের পানি সম্পদ মন্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি রোববার ঢাকায় পৌঁছে বলেন, পানি সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যার ব্যাপারে শুধু আলোচনার খাতিরে আলোচনা করতে তিনি ঢাকায় আসেননি, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে তিনি এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মুন্সি বলেন, আমি বাংলাদেশে এসেছি খোলা মনে আলোচনার ম্যাধমে সমাধান খুঁজে বের করতে।

সোমবার থেকে দু’দিনব্যাপী বৈঠক শুরু হবে।

বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ ভিআইপি লাউঞ্জে মুন্সিকে স্বাগত জানান। এসময় ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি, নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার লিয়াকত আলী চৌধুরী এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারতের পানি সম্পদ মন্ত্রী এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন।

মুন্সি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কিন্তু এ ধরনের সম্পর্ক বাকপটুতার বিষয় নয়।

তিনি বলেন, বেশ কিছু ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ সমস্ত ইস্যুর সমাধানে আমাদের পথ খুঁজে বের করতে হবে এবং উভয় দেশের স্বার্থ রক্ষার জন্যে একটি ব্যবস্থা নিতে হবে।

দীর্ঘ মেয়াদী ইস্যুর সমাধানে বাংলাদেশ ও ভারত একটি কাঠামো দাঁড় করাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠানে দেরি প্রসঙ্গে তিনি বলেন, ২০০৩ সালে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ২০০৪ সালে ইউপিএ সরকার ক্ষমতায় আসে। সরকার গঠনের পর গুছিয়ে উঠে বৈঠক করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, এরপর থেকে জেআরসি’র বৈঠক নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং প্রয়োজন হলে যে কোনও সময়ে তা অনুষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, আমাদের সরকারের একটি ম্যান্ডেটই আছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানের বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা। শুধু আলোচনার জন্যে আলোচনা করা নয়। আমরা চাইব দু’দেশের মধ্যে যেখানে যেখানে ছোট খাট বিষয়ে প্রশ্ন বা সন্দেহ বা জিজ্ঞাসা আছে, সেগুলো দীর্ঘদিন ঝুলিয়ে না রেখে সমাধানের রাস্তা বের করা।

ভারতের আন্তঃনদী সংযোগ পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে চীন, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের সীমান্ত সম্পর্ক ও অভিন্ন নদী রয়েছে। এ ব্যাপারে আমাদের সরকার যথেষ্ট সচেতন।

ভারতে উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের মধ্যে একটি নদী সংযোগের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে এবং একটি সমঝোতা স্মারক তৈরি হয়েছে। কিন্তু এর মাধ্যমে পার্শ্ববর্তী কোনও দেশই ক্ষতিগ্রস্ত হবেনা। তবে ভবিষ্যতে যে কোনও ধরনের প্রচেষ্টার ক্ষেত্রে ভারত প্রতিবেশির সঙ্গে আলোচনা না করে এক পা-ও এগুবে না।

এ বৈঠকের সফলতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বাংলাদেশের মাটিতে ১৯৭১ সালের পর থেকে কোনও দিনই ইতিবাচক ফলাফল ছাড়া পা দিইনি। নেতিবাচক ধারণায় আমি বিশ্বাস করি না। আমি সমস্যার অনেকাংশে সমাধান করতে চাইব।

যেহেতু ভারত ও বাংলাদেশ দুটোই গণতান্ত্রিক দেশ, এখানে একাধিক রাজনৈতিক দল, অসংখ্য মানুষ আর অনেক চেতনার ভিন্ন ভিন্ন মত রয়েছে। আর সরকারকে সবগুলো মত মাথায় রেখে এবং পারস্পরিক স্বার্থ করক্ষা করেই আলোচনায় বসে সমাধান আনতে হবে। তবে আমি আশাবাদী এবং আত্মবিশ্বাসী। আমি ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, ইউপিএ সভানেত্রী সোনিয়া গান্ধি এবং ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্যে অকৃত্রিম ভালবাসা নিয়ে এসেছি।

হাফিজ উদ্দিন আহমেদ প্রিয় রঞ্জনের কথার প্রশংসা করে বলেন, প্রিয় রঞ্জন দাস মুন্সি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসি ভূমিকা রেখেছিলেন।

আমি আশা করি, আমাদের আলোচনা ফলপ্রসূ হবে। যে সমস্যাগুলো রয়েছে, তা তেমন বড় কোনও সমস্যা নয়। খোলা মন নিয়ে আলোচনার মাধ্যমেই এ সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব।