মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের জন্য কশিমপুরে ‘হাই প্রিজন সেল’ স্থাপনে সরকারি পরিকল্পনা
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া যেসব আসামি ফাঁসির অপেক্ষায় প্রহর গুণছেন তাদের জন্য সরকার ঢাকার পার্শ্ববর্তী কাশিমপুরে একটি ‘হাই প্রিজন সেল’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক নিয়মিত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মোট ৭৫০ জন আসামি দেশের ৫৩টি কারাগারে বন্দি আছে।
দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের রায় কার্যকর করার জন্য প্রায় ১০০ বছর সময় প্রয়োজন হবে।
তবে আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০২ সালের অক্টোবরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের পর এ ধরনের নয়টি আদালত গত ৩৩ মাসে বিভিন্ন চাঞ্চল্যকর মামলায় ৩১১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
সূত্র আরও জানায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে।
২০০১ সালের মে মাস থেকে ২০০৫ সাল পর্যন্ত ২২ জনের ফাঁসি কার্যকর করা হয়। এর মধ্যে ২০০১ সালে এক জন, ২০০২ সালে দুই জন, ২০০৩ সালে দুই জন, ২০০৪ সালে ১৩ জন এবং ২০০৫ সালে চার জনের ফাঁসি কার্যকর করা হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের তিন সদস্য হত্যা মামলাসহ সকল চাঞ্চল্যকর হত্যা মামলার চার্জশিট দাখিল করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘চাঞ্চল্যকর হত্যা মামলা পর্যবেক্ষণ সেল’র বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রী যত দ্রুত সম্ভব মামলার চার্জশিট তৈরি এবং তা দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বৈঠকে সাতটি চাঞ্চল্যকর মামলা পর্যালোচনা করা হয়। এগুলো হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের তিন সদস্য হত্যা মামলা, সাতক্ষীরায় জাহানারা হত্যা মামলা, মিরপুরে ব্যবসায়ী শহিদুল্লাহ, ধানমণ্ডিতে সাবেক শিক্ষিকা সুহিন নাহার হত্যা, গুলশানের নাভানা কমপ্লেক্সে ডাকাতি মামলা, বনানীতে ভারতীয় ব্যবসায়ী হত্যা, ধানমণ্ডিতে ব্যবসায়ী কামরুল হত্যা ও চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলা।
এসব মামলার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে ব্যাংক ড্রাফট প্রতারণা ও অর্থ পাচার সংক্রান্ত অপরাধ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র, পূর্ত, আইন ও মন্ত্রিপরিষদ সচিবগণ, সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘চাঞ্চল্যকর হত্যা মামলা পর্যবেক্ষণ সেল’র ৪৫তম বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকে সাতটি চাঞ্চল্যকর মামলা পর্যালোচনা করা হয়। এগুলো হচ্ছে, চট্টগ্রামের বাঁশখালীতে একই পরিবারের ১১ জন হত্যা মামলা, সাংবাদিক শেখ বেলাল ও হুমায়ুন কবির বালু হত্যা, ধানমণ্ডিতে ব্যবসায়ী কামরুল হত্যা, কাফরুলে আব্বাস আলী, উত্তরায় স্কুল শিক্ষক শাহনাজ কবির লিলি এবং সিরাজগঞ্জের উল্লা পাড়ায় চার হত্যা মামলা।
এদিকে অপর এক বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঈদ ও পূঁজা সামনে রেখে চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিডিআরকে নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে।
এছাড়া স্থল বন্দরগুলোর কাস্টমস অফিসকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে তিনি জানান।
