২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবির ডাকে সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাম্প্রদায়িক সহিংসতা রোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদসহ ১১ দফা দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ডাকে সোমবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

হরতালের সমর্থনে ভোর ছয়টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খানসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মিছিলটি বায়তুল মোকাররমের কাছে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ এ সময় পার্টির নেতাকর্মীদের মিছিল করতে না দিয়ে অবরুদ্ধ করে রাখে। 

সকাল আটটায় সিপিবি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে আরেকটি মিছিল বের করলে আবারো পুলিশী বাধার মুখে পড়ে। নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পার্টির সিটি কমিটির নেতা ড. মাজেদুল হক রুবেলসহ বেশ  কয়েকজন নেতাকর্মী আহত হন।

সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমসহ পার্টির নেতাকর্মীরা এ সময় দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় অবস্থান নেন। এ সময় সমাবেশে নেতৃবৃন্দ জোট সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, দমন পীড়ন চালিয়ে অতীতে কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনি, এ সরকারও পারবে না।

সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজকে বলেন, সারা দেশে নেতাকর্মীরা রাজপথে নেমে হরতাল সফল করে তোলে।

হরতালের সমর্থনে রাজধানীর উত্তরা, হাজারীবাগ, ধানমন্ডি, সূত্রাপুর, তেজগাঁও, মীরপুর এবং পল্লবীতে সিপিবি নেতাকর্মীরা মিছিল করেছে।

এদিকে রাজধানীতে হরতালকালীন প্রতিদিনের মতই যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে যানজটও লক্ষ্য করা যায়।

হরতাল সত্ত্বেও সরকারি অফিস আদালতে কর্মকর্তা কর্মচারিরা দু’দিনের ছুটি কাটিয়ে অফিসে উপস্থিত হন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথা সময়ে ক্লাস হয়েছে। তবে রাজধানীর সকল মার্কেট ও শপিংমল বন্ধ ছিলো।

সরকার এ হরতালকে হলকাভাবে না নিয়ে রাজধানীতে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রায় ছয় হাজার পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয় বলে এক পুলিশ কর্মকর্তা জানান।   

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল এই দিন হরতাল ডাকলেও কুইন ব্যাটন  বাংলাদেশে আসায় অস্ট্রেলীয় হাইকমিশনের অনুরোধে আওয়ামী লীগসহ ১৪ দল তাদের কর্মসূচি ১৮ থেকে ২১ সেপ্টেম্বরে পরিবর্তন করে।

তবে সিপিবি জরুরী কিছু সেবাসহ কুইন ব্যাটন কর্মসূচি হরতালের আওতাবিহীন বলে ঘোষণা করে।

হরতালকালে পুলিশ যশোর, সিলেট, খুলনা এবং নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাইক্রোফোন এবং দলীয় ব্যানার ছিনিয়ে নেয় বলে জানা গেছে।