ঢাবি ছাত্র খোকন হত্যার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব ইসলাম খোকন হত্যার প্রথম বার্ষিকী শনিবার পালিত হয়েছে।
এ উপলক্ষে ঢাবিতে আয়োজিত শোক র্যালি ও সমাবেশ থেকে খোকন হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসি দাবি করা হয়।
গত বছর ১৭ সেপ্টেম্বর জহরুল হক হলের ছাত্রদল নেতা খোকন প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হন।
দিনটি পালন উপলক্ষে সকাল ১১ টায় জহরুল হক হলের ছাত্র, আবাসিক শিক্ষক এবং কর্মচারিরা একটি শোক র্যালি বের করে। পরে কলা ভবনে আয়োজন করা হয় এক সমাবেশের।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের একাংশের বাধার কারণে খোকন হত্যা মামলার কার্যক্রম অগ্রসর হচ্ছে না। হত্যাকারীরা নির্বিঘ্নে ক্যাম্পাসে ঘুরছে। এমন কি তারা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমেও অংশ নিচ্ছে।
হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সানাউল্লাহ বাবু, মোতাহার হোসেন ভুট্ট্রো, ইশতিয়াক হোসেন নাসির প্রমুখ।
পরে হল প্রভোষ্টের নেতৃত্বে ছাত্ররা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে দেখা করতে গেলে উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ খোকন হত্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট মূল্যায়ন করে দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
