২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলমকে গ্রেফতারে পুলিশের গড়িমসি

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের স্ত্রীকে লাঞ্ছিত করার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের দেহরক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তবে মামলার প্রধান আসামি শাহ আলমকে গ্রেফতার করতে পুলিশ গড়িমসি করছে।

পুলিশ বলছে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান কে সে ব্যাপারে তারা নিশ্চিত না হওয়ায় প্রধান আসামি শাহ আলমকে তারা গ্রেফতার করনি। তবে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার বসুন্ধরা এলাকার এ্যাপোলো হাসপাতালের কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার কর্মকতারা ভারতীয় ডেপুটি হাইকমিশনার সর্বজিত চক্রবর্তীর স্ত্রী রুপা চক্রবর্তীকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও অপর তিন জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়।

বাড্ডা থানা পুলিশ জানায়, রূপা চক্রবর্তীর গাড়ির চালক বিনোদ কুমার বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিনোদ কুমার মামলার বিবরণে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বাসায় ফেরার পথে বসুন্ধরা এলাকার এ্যাপোলো হাসপাতালের কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও তার তিন সহযোগী রুপা চক্রবর্তী এবং তার সাথে খারাপ ব্যবহার করে।

তারা রূপা চক্রবর্তীর গাড়িসহ প্রায় দুই ঘন্টা তাদের আটক করে রাখে। এক পর্যায়ে শাহ আলম রুপা চক্রবর্তীকে চুল টেনে তার গাড়ি থেকে বের করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে দূতাবাসের কর্মকর্তারা ওই এলাকায় পৌঁছলে তাকে ছেড়ে দেওয়া হয়।

বাড্ডা থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ হাফিজুদ্দিন বিডিনিউজকে বলেন, রূপা চক্রবর্তীকে লাঞ্ছিত করার অভিযোগে তারা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের দেহরক্ষী হেদায়েতুল ইসলামকে গ্রেফতার করেন।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নাম উল্লেখ করা হয়নি। তাই গ্রুপের চেয়ারম্যান কে আমরা তা পরীক্ষা করে দেখছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনও শাহ আলমের গ্রেফতারের নির্দেশ দেইনি। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান কে সে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে মহানগর পুলিশ কমিশনার (উত্তর) ওবায়দুল হক বলেন, গ্রেফতারকৃত হেদায়েতুল ইসলামকে রিমাণ্ডে নেওয়ার জন্য আদালতে কোনও আবেদন জানানো হয়নি।

তিনি বলেন, আমরা অপর আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের গাড়ির চালক রবিউলকে চিহ্নিত করেছি। পুলিশ তাকে খুঁজছে বলে তিনি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজুর রহমান বিডিনিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে তিনি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য একাধিক স্থানে তল্লাশি চালনো হয়েছে।