২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিনায় পুলিশের সাথে ক্রসফাযারে ২ ছিনতাইকারী নিহত, এসআইসহ আহত ৩

কুমিল্লার চান্দিনায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের সাথে ক্রসফায়ারে দুইজন ছিনতাইকারি নিহত হয়েছে। নিহতরা হচ্ছে মাহবুবুর রহমান (৩৫) ও শুক্কুর আলী (২৮)।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বন্দুকযুদ্ধে পুলিশের দু’জন এসআইসহ তিনজন আহত হয়।

পুলিশ জানায়, কুমিল্লার চান্দিনায় গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে চালক আবদুল করিমকে হত্যা করে ট্যাক্সিক্যাব (ঢাকা মেট্রো প ১১-৪৮৮১) ছিনতাই করার ঘটনায় চান্দিনা জামিরাপাড়া গ্রামের শুকুর আলীকে আটক করে বৃহস্পতিবার সারাদিন জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্কুরের দেওয়া তথ্য অনুযায়ী গাড়ি ছিনতাইয়ের সঙ্গে জড়িত দাউদকান্দি উপজেলার মাহবুবুর রহমান ওরফে বিডিআর মাহবুব ওরফে লাভলুকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা পুলিশকে অবহিত করে, তাদের দলের ছিনতাইকারি আবদুল বাতেন ও ঢাকার বিল্লাল চোরাই আড়ির ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত শুক্কুর ও বিডিআর মাহবুব চোরাই গাড়ির দুজন ব্যবসায়িকে ধরিয়ে দেওয়ার কথা বলে ওই রাতেই অভিযানে বের হতে পুলিশকে প্রস্তাব দেয়। চান্দিনা থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কামরুজ্জ্মানের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্কুর ও মাহবুবকে নিয়ে অভিযানে নামে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া ও মহিচাল সড়কের নিশ্চিন্তপুর নামক স্থানে শুক্কুর ও মাহবুবসহ পুলিশের দলটি পৌঁছুলে সেখানে আগে থেকে অবস্থান করা ছিনতাইকারিদের সহযোগীরা পুলিশের দিকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় শুক্কুর ও মাহবুব পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে তারা আহত হয় এবং হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, একটি দেশি পাইপগান, দুই রাউন্ড বন্দুকের গুলি এবং ১২ টি গুলির খোসা উদ্ধার করে।

টেক্সিক্যাব ছিনতাইয়ের ঘটনায় গত বুধবার গভীর রাতে শহীদুল্লাহ (৩০) ও জাকির হোসেন (২৮) নামে দুই ছিনতাইকারি গণপিটুনিতে নিহত হয়েছিল।